ভারতে বছরে ৩ বিলিয়ন ডলার ঢালছে IBM! ১০ বিলিয়নের কোয়ান্টাম মিশনে ভারতও

IBM ভারতে প্রতি বছর ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে, পাশাপাশি কোয়ান্টাম প্রযুক্তিতে বিশ্বজুড়ে ১০ বিলিয়ন ডলারের মহাপরিকল্পনা ঘোষণা করেছে। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর ২০২৬: ভারতের প্রযুক্তি ক্ষেত্রে বড়সড় বিনিয়োগের বার্তা দিল মার্কিন প্রযুক্তি সংস্থা IBM। ভারতে প্রতি বছর প্রায় ৩ বিলিয়ন ডলার বা ৩০০ কোটি ডলার বিনিয়োগ করছে সংস্থাটি। আগামী দিনেও এই বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন IBM-এর চেয়ারম্যান ও CEO অরবিন্দ কৃষ্ণ। পাশাপাশি আগামী পাঁচ বছরে বিশ্বজুড়ে কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তির উন্নয়নে প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সংস্থার। যার একটি অংশ আসবে ভারতেও।

এই পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কোয়ান্টাম কম্পিউটার স্থাপন। ২০২৭ সালের গোড়ার দিকে এটি চালু করার পরিকল্পনা রয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকার এবং টাটা কনসালট্যান্সি সার্ভিসেসের (TCS) সঙ্গে যৌথভাবে এই প্রকল্পে কাজ করছে IBM। ভারতে আরও অন্তত দুটি কোয়ান্টাম প্রযুক্তি প্রকল্পের জন্য বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে AI প্রযুক্তির দ্রুত প্রসার নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন কৃষ্ণ। তাঁর আশঙ্কা, আগামী এক দশকে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিশ্বের ১০-২০ শতাংশ কর্মসংস্থান প্রভাবিত হতে পারে। বিশেষ করে BPO শিল্পে কাজের সুযোগ কমার আশঙ্কা রয়েছে।

তবে তাঁর মতে, AI ভারতের অর্থনীতিতে ২০৩০ সালের মধ্যে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের অবদান রাখতে পারে। প্রযুক্তি, দক্ষতা ও উদ্ভাবনের ক্ষেত্রে ভারতকে আরও শক্তিশালী করে তোলাই এখন IBM-এর অন্যতম লক্ষ্য।