পরিকাঠামোয় জোয়ার! অক্টোবরে ভারতের কোর সেক্টরের বৃদ্ধিতে রেকর্ড

অক্টোবর ২০২৬-এ ভারতের কোর সেক্টরের বৃদ্ধি ১০.৯ শতাংশে পৌঁছে সিরিজের সর্বোচ্চ হয়েছে। পরিকাঠামো ক্ষেত্রে গতি ও নিম্ন ভিত্তির প্রভাব ছিল বৃদ্ধির কারণ।

Share:

ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: ভারতের শিল্প অর্থনীতিতে বড়সড় চমক! পরিকাঠামো ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি এবং অনুকূল বেস ইফেক্টের হাত ধরে ২০২৬ সালের অক্টোবরে নতুন রেকর্ড গড়ল দেশের কোর সেক্টর। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে আটটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো শিল্পের উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১০.৯ শতাংশ। নতুন সিরিজ চালুর পর এটিই সর্বোচ্চ বৃদ্ধির হার।

এই বৃদ্ধির পিছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে লৌহ আকরিক, কয়লা, বিদ্যুৎ ও সিমেন্ট শিল্পের। অক্টোবরে লৌহ আকরিকের উৎপাদন বেড়েছে ২৬.৪ শতাংশ, কয়লায় ২৩.১ শতাংশ, বিদ্যুতে ২১.৬ শতাংশ এবং সিমেন্টে ১৫.৪ শতাংশ। ইস্পাত উৎপাদন বেড়েছে ৭.৩ শতাংশ।

তবে ছবির অন্য দিকও রয়েছে। প্রাকৃতিক গ্যাসের উৎপাদন কমেছে ৭.৬ শতাংশ, অপরিশোধিত তেলে ৪.১ শতাংশ এবং সার উৎপাদনে ১২.২ শতাংশ। অর্থাৎ জ্বালানি ক্ষেত্রের দুর্বলতা এখনও কাটেনি।

বিশেষজ্ঞদের মতে, এই বিপুল বৃদ্ধির পিছনে গত বছরের নিম্ন উৎপাদনের প্রভাবও রয়েছে। পাশাপাশি উৎসবের সময়সূচির পরিবর্তনের কারণে তৈরি হয়েছে অনুকূল বেস ইফেক্ট।

চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত কোর সেক্টরের সামগ্রিক বৃদ্ধি দাঁড়িয়েছে ৬ শতাংশ, গত বছরের একই সময়ে যা ছিল মাত্র ২.৩ শতাংশ। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, নভেম্বর মাসে ছুটির সংখ্যা বেশি থাকায় বৃদ্ধির গতি কিছুটা কমতে পারে।