ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: দীর্ঘ প্রতীক্ষার অবসান! ডিজিটাল পেমেন্ট পরিষেবায় ফের বড়সড় প্রত্যাবর্তনের পথে পেটিএম। ডিজিটাল ওয়ালেট পরিচালনার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) প্রাথমিক অনুমোদন পেল সংস্থাটির পেমেন্ট পরিষেবা শাখা। আর এই খবর প্রকাশ্যে আসতেই শেয়ার বাজারে রকেটের গতিতে ছুটল পেটিএমের শেয়ার। পৌঁছে গেল ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পেটিএমের মূল সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনের সম্পূর্ণ মালিকানাধীন শাখা পেটিএম পেমেন্টস সার্ভিসেস লিমিটেড প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট বা PPI পরিচালনার জন্য RBI-এর কাছ থেকে প্রাথমিক অনুমোদন পেয়েছে। এর আওতায় ডিজিটাল ওয়ালেট পরিষেবাও চালু করা সম্ভব হবে।
শুক্রবার সংস্থাটির শেয়ারদর বেড়ে ১,৯৬০ টাকায় পৌঁছয়। বৃহস্পতিবারও শেয়ারটির দর ৭.৩১ শতাংশ বেড়ে ১,৯২৫ টাকায় বন্ধ হয়েছিল।
তবে এই অনুমোদন এখনও চূড়ান্ত নয়। RBI-এর চূড়ান্ত অনুমোদন বা সার্টিফিকেট পাওয়ার পরেই গ্রাহকদের জন্য ওয়ালেট পরিষেবা চালু করতে পারবে সংস্থাটি।
উল্লেখ্য, ২০২৪ সালে RBI-এর বিধিনিষেধের জেরে পেটিএমের ওয়ালেট ব্যবসা বড় ধাক্কা খেয়েছিল। নতুন অনুমোদন সেই ব্যবসা পুনরুজ্জীবিত করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পাশাপাশি UPI লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালুর সম্ভাবনাও বিনিয়োগকারীদের উৎসাহ বাড়াচ্ছে।









