ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর ২০২৬: গরিব মানুষের আর্থিক সহায়তার হাতিয়ার হওয়ার কথা ছিল ক্ষুদ্রঋণ বা মাইক্রোফিন্যান্স। কিন্তু সেই ঋণই অনেক পরিবারের কাছে ক্রমশ ঋণের বোঝা হয়ে উঠছে! এবার এই প্রবণতা রুখতে আরও কঠোর অবস্থান নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ঋণ দেওয়ার আগে গ্রাহক আদৌ ঋণের শর্ত বুঝছেন কি না, তা নিশ্চিত করার উপর বিশেষ জোর দিচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
RBI-এর ডেপুটি গভর্নর শিরীষ চন্দ্র মুর্মু স্পষ্ট জানিয়েছেন, ঋণের কাগজপত্রে শুধু গ্রাহকের সই থাকলেই তাকে প্রকৃত সম্মতি বলা যায় না। ঋণের শর্ত, সুদের হার এবং পরিশোধের দায় না বুঝে সই করাকে তিনি ‘সিউডো কনসেন্ট’ বা লোকদেখানো সম্মতি হিসেবে চিহ্নিত করেছেন।
বর্তমান নিয়ম অনুযায়ী, বার্ষিক ৩ লক্ষ টাকা পর্যন্ত পারিবারিক আয়ের ক্ষেত্রে মাইক্রোফিন্যান্স ঋণ দেওয়া যায়। পাশাপাশি পরিবারের মাসিক আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ঋণের কিস্তি ও অন্যান্য দায়বদ্ধতার সীমা নির্ধারিত রয়েছে। এই সীমা শিথিল করার দাবি উঠলেও RBI তাতে রাজি নয়।
এদিকে ক্ষুদ্রঋণের সুদের হার বৃদ্ধি, অতিরিক্ত ঋণগ্রহণ এবং কড়া ঋণ আদায়ের পদ্ধতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ঋণ দেওয়ার আগে গ্রাহককে তাঁর বোধগম্য ভাষায় সমস্ত শর্ত বুঝিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
RBI-এর বার্তা স্পষ্ট—আর্থিক অন্তর্ভুক্তির নামে সাধারণ মানুষকে ঋণের জালে জড়ানো চলবে না। ঋণ ব্যবসার প্রসারের চেয়ে গ্রাহকের আর্থিক সুরক্ষাকেই দিতে হবে অগ্রাধিকার।









