বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ! FPI-র কড়া নিয়ম শিথিলের পথে SEBI

এফপিআইয়ের অতিরিক্ত তথ্য প্রকাশের নিয়ম পর্যালোচনার কথা ভাবছে সেবি। এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত জানতে প্রকাশ করা হয়েছে পরামর্শপত্র।

Share:

ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: ভারতের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে এবার বড়সড় পদক্ষেপের পথে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের (FPI) জন্য অতিরিক্ত তথ্য প্রকাশের যে কঠোর নিয়ম চালু রয়েছে, তা তুলে দেওয়ার প্রস্তাব দিল বাজার নিয়ন্ত্রক সংস্থা। এই মর্মে ২০ নভেম্বর একটি কনসালটেশন পেপার প্রকাশ করেছে SEBI। লক্ষ্য, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভারতের বাজারকে আরও আকর্ষণীয় করে তোলা।

বর্তমান নিয়মে নির্দিষ্ট কিছু FPI-কে তাদের মালিকানা, আর্থিক স্বার্থ এবং নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত সমস্ত সংস্থার বিস্তারিত তথ্য জানাতে হয়। এমনকী, মালিকানার কোনও ন্যূনতম সীমা ছাড়াই প্রকৃত ব্যক্তিমালিক পর্যন্ত তথ্য প্রকাশ বাধ্যতামূলক। কোনও বিদেশি বিনিয়োগকারীর ভারতীয় ইক্যুইটি বিনিয়োগের ৫০ শতাংশের বেশি একটি কর্পোরেট গোষ্ঠীতে থাকলে অথবা তার বিনিয়োগের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা ছাড়ালে এই নিয়ম কার্যকর হয়।

SEBI-র মতে, অতিরিক্ত নিয়মের কারণে বিদেশি তহবিলগুলির প্রশাসনিক খরচ ও নিয়ম মেনে চলার চাপ বাড়ছে। জটিল মালিকানা কাঠামোর তথ্য সংগ্রহ করাও কঠিন হয়ে পড়ছে।

SEBI-র পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় ইক্যুইটি বাজার থেকে ৫.৬১ লক্ষ কোটি টাকারও বেশি তুলে নিয়েছেন।

তাই অতিরিক্ত তথ্য প্রকাশের কাঠামো (Additional Disclosure Framework) সম্পূর্ণ তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে সংস্থা। তবে এটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়। প্রস্তাবের উপর জনমত চেয়েছে SEBI। আগামী ১১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত মতামত জমা দেওয়া যাবে।