আর্থিক সংকটে স্পাইসজেট! ১৮ নভেম্বর বড় সিদ্ধান্তের অপেক্ষা

আর্থিক সংকটের মুখে স্পাইসজেট। বিমান সংস্থাটি তাদের পরিচালনগত সমস্যা মেটাতে তহবিল সংগ্রহের প্রস্তাব বিবেচনা করছে। বোর্ডের বৈঠকে হবে সিদ্ধান্ত।

Share:

ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: আর্থিক অনটন, উড়ান পরিষেবায় কাটছাঁট এবং একের পর এক পরিচালনগত সমস্যায় জেরবার দেশের বাজেট বিমান সংস্থা স্পাইসজেট। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নতুন করে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের পথে হাঁটতে চলেছে সংস্থাটি। আগামী ১৮ নভেম্বর স্পাইসজেটের পরিচালন পর্ষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা।

সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন মূলধন সংগ্রহের জন্য ইক্যুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ঋণপত্র-সহ একাধিক আর্থিক পদ্ধতি বিবেচনা করা হবে। প্রয়োজনে প্রেফারেনশিয়াল ইস্যু অথবা কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল প্লেসমেন্টের মাধ্যমেও অর্থ সংগ্রহ করা হতে পারে।

এদিকে, সংবাদমাধ্যম এনডিটিভি প্রফিটের প্রতিবেদন অনুযায়ী, এক বিনিয়োগকারীর কাছ থেকে ৫,০০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব সংক্রান্ত টার্ম শিট পেয়েছে স্পাইসজেট। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

পরিসংখ্যান বলছে, স্পাইসজেটের অভ্যন্তরীণ বিমান পরিবহণের বাজারে অংশীদারিত্ব আগস্টে ১.২ শতাংশ থাকলেও সেপ্টেম্বরে কমে দাঁড়িয়েছে মাত্র ০.৬ শতাংশে। আর্থিক দায়, পরিষেবা পরিচালনার সমস্যা এবং উড়ান সংখ্যা কমে যাওয়ায় সংস্থার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।

এখন দেখার, ১৮ নভেম্বরের বৈঠকে নতুন অর্থ সংগ্রহের প্রস্তাবে সবুজ সংকেত মেলে কি না। এই সিদ্ধান্তই স্পাইসজেটের ভবিষ্যৎ ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।