ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর ২০২৬: মন্দিরের পবিত্র ভক্তিমন্ত্রে রাজনৈতিক নেতার প্রশস্তি! আর তা ঘিরেই তামিলনাড়ুর রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। তিরুচেন্দুরের বিখ্যাত মুরুগন মন্দিরে সুরাসমহারাম উৎসব চলাকালীন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এবং রাজ্যের হিন্দু ধর্মীয় ও দাতব্য দফতরের মন্ত্রী রমেশের প্রশংসায় ‘আরোহরা’ ধ্বনি তোলা হয়। এই ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছেন বিজেপি নেতা কে আন্নামালাই।
ঘটনার সূত্রপাত মন্দিরের সুরাসমহারাম উৎসবের সরাসরি ধারাভাষ্যের সময়। অভিযোগ, হিন্দু ধর্মীয় ও দাতব্য দফতরের কমিটির সদস্য তথা সংগীতশিল্পী ভেলমুরুগন ভগবান মুরুগনের উদ্দেশে প্রচলিত ‘আরোহরা’ ধ্বনি মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর প্রশংসাতেও ব্যবহার করেন।
আন্নামালাইয়ের বক্তব্য, ‘আরোহরা’ মুরুগন ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র একটি ধর্মীয় উচ্চারণ। সেটিকে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশংসায় ব্যবহার করা ধর্মীয় ঐতিহ্যকে খাটো করার পাশাপাশি কোটি কোটি ভক্তের অনুভূতিতে আঘাত করতে পারে। মুখ্যমন্ত্রীকে সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি।
এদিকে বিরোধী দল ডিএমকেও এই ঘটনার তীব্র সমালোচনা করেছে। মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে তারা। তামিলনাড়ু বিজেপির সভাপতি নাইনর নাগেন্দ্রনও ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন।
ধর্মীয় উৎসবের মঞ্চে রাজনৈতিক প্রশস্তির ব্যবহার নিয়ে এই বিতর্কে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।









