ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: এল নিনোর প্রভাবে বৃষ্টির ঘাটতি, শুকিয়ে যাচ্ছে জমি, মাথায় হাত কৃষকদের! মহারাষ্ট্রে এবারের খরার পরিস্থিতি ১৯৭২ সালের ভয়াবহ খরাকেও ছাপিয়ে যেতে পারে বলে আশঙ্কা। রাজ্যে রবি শস্যের বপন কার্যত তলানিতে। কৃষি দফতরের পরিসংখ্যান বলছে, চলতি মরশুমে এখনও পর্যন্ত মাত্র ১৪.৭৪ লক্ষ হেক্টর জমিতে রবি শস্যের বীজ বোনা হয়েছে। অথচ ১৯৭২-৭৩ সালের ভয়াবহ খরার সময়ও ৪৭.২৯ লক্ষ হেক্টর জমিতে চাষ হয়েছিল।
মহারাষ্ট্রে রবি শস্যের গড় বপনযোগ্য জমির পরিমাণ ৫৫-৬০ লক্ষ হেক্টর। কিন্তু এবার পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ডিসেম্বরের শেষ পর্যন্তও বপনের পরিমাণ ২০-২৫ লক্ষ হেক্টরের বেশি হওয়ার সম্ভাবনা কম। এর আগে ১৯৯১-৯২ সালে সর্বনিম্ন ৪০ লক্ষ হেক্টর জমিতে রবি শস্যের বপন হয়েছিল।
কেন এমন পরিস্থিতি? আবহাওয়াবিদদের মতে, শক্তিশালী এল নিনোর প্রভাবে রাজ্যে স্বাভাবিকের তুলনায় ১৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। সোলাপুরে বৃষ্টির ঘাটতি পৌঁছেছে ৫৯ শতাংশে। জুলাইয়ের মাত্র ১৫ দিনের মধ্যেই অধিকাংশ বৃষ্টি হওয়ায় খরিফ ফসলও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবচেয়ে বড় আশঙ্কা, শুধু খাদ্যশস্য নয়, গবাদি পশুর খাবার ও পানীয় জলের সংকটও ভয়াবহ আকার নিতে পারে। ইতিমধ্যেই রাজ্যের ৩১০টি তালুকাকে খরাপ্রবণ ঘোষণা করা হয়েছে। কৃষকদের জন্য ঋণ পুনর্গঠন, জমির রাজস্ব মকুব এবং বিদ্যুৎ বিলে ছাড়ের মতো পদক্ষেপ করেছে সরকার।









