ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আইনি জটিলতায় প্রাক্তন পুলিশকর্তা আর শ্রীলেখা। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মানহানির মামলায় এবার আদালতের নোটিস। আগামী ২ ডিসেম্বর তাঁকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ১৪ অক্টোবর। কেরলের পুন্নালুরে বিজেপির একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধীর দিল্লির প্রতিবাদ কর্মসূচি নিয়ে মন্তব্য করেছিলেন শ্রীলেখা। অভিযোগ, তিনি রাহুলের আচরণকে মাদকাসক্ত ব্যক্তির আচরণের সঙ্গে তুলনা করেন। সেই মন্তব্য ঘিরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক।
কেরল প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে পি শ্রীকুমার এই মন্তব্যের বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, প্রকাশ্য মঞ্চ থেকে করা এই মন্তব্য রাহুল গান্ধী ও কংগ্রেসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
১০ নভেম্বর মাভেলিকারা জুডিশিয়াল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি বিবেচনা করে শ্রীলেখাকে নোটিস জারি করে। ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৬(১) ধারায় দায়ের হয়েছে মানহানির অভিযোগ।
তবে আদালত এখনও অভিযোগের সত্যতা নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি। আগামী ২ ডিসেম্বরের শুনানির দিকে এখন নজর রাজনৈতিক মহলের।









