ব্যুরো নিউজ, ২৪শে নভেম্বর ২০২৬ : রাজস্থানের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে — মুখ্যমন্ত্রী বদল কি শুধু সময়ের অপেক্ষা? পঞ্চায়েত নির্বাচনে বিজেপির অপ্রত্যাশিত ধাক্কার পর থেকেই জয়পুর থেকে দিল্লি পর্যন্ত জল্পনার পারদ চড়ছে। আর সেই আগুনে ঘি ঢেলেছেন খোদ বিজেপিরই ক্যাবিনেট মন্ত্রী কিরোড়ী লাল মীণা। হরিয়ানার উদাহরণ টেনে তিনি ইঙ্গিত দিয়েছেন, রাজস্থানেও মুখ্যমন্ত্রী বদল হতে পারে। ব্যস, তারপর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে তুমুল চাপানউতোর।
এই সুযোগ একেবারেই হাতছাড়া করতে চাইছে না কংগ্রেস। রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং ডোটাসরা সরাসরি তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার দিকে। তাঁর স্পষ্ট দাবি, নৈতিক দায় নিয়ে এখনই পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রীর। কারণ, তাঁর কথায়, রাজ্যের মানুষ আসলে ভজনলাল শর্মা ও তাঁর সরকারের বিরুদ্ধেই ভোট দিয়েছেন। গ্রামের মানুষের এই রায়কে তিনি সরকারের বিরুদ্ধে অনাস্থা বলেই দেখছেন।
ডোটাসরা এখানেই থেমে থাকেননি। তিনি কটাক্ষ করে বলেছেন, মুখ্যমন্ত্রী নিজে থেকে পদ না ছাড়লেও বিজেপি ‘পর্চি’ বদলে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করে দিতে পারে। অর্থাৎ দিল্লি থেকে যেমন নির্দেশ আসে, রাজস্থানে তেমনই মুখ্যমন্ত্রী বসানো হয় — কংগ্রেস সভাপতির এই খোঁচা এখন রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে তাঁর দাবি, মুখ্যমন্ত্রী বদলালেও বিজেপির কোনও লাভ হবে না। মানুষের মন থেকে একবার বিশ্বাস উঠে গেলে তা আর ফেরে না।
কিরোড়ী লাল মীণা হরিয়ানার উদাহরণ দিলেও ডোটাসরার অভিযোগ আরও গুরুতর। তাঁর মতে, বিজেপি সারা দেশে গুজরাত মডেল চালু করতে চায়। ধারাবাহিকভাবে মুখ্যমন্ত্রী বদলে দিল্লির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই তাদের আসল লক্ষ্য। তবে রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে গ্রামের মানুষ যে মনোভাব দেখিয়েছেন, তা দেশের গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়বে বলে তিনি মনে করেন। তাঁর ভাষায়, রাজস্থান থেকেই পরিবর্তনের সূচনা হয়েছে। এই হাওয়া অব্যাহত থাকলে উত্তরপ্রদেশেও বিজেপির পরাজয় নিশ্চিত।









