ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর ২০২৬: প্রতিবাদস্থলে খবর সংগ্রহকারী সাংবাদিকদের মতো কি সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটররাও একই ধরনের সুরক্ষা পাবেন? এই গুরুতর প্রশ্নটি এবার সুপ্রিম কোর্টে তুলেছে দিল্লি পুলিশ। শীর্ষ আদালতে জমা দেওয়া এক হলফনামায় দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে যে, সাংবাদিকদের পেশাগত সুরক্ষার জন্য আদালতের নির্দেশ তথাকথিত রিল নির্মাতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
দিল্লি পুলিশের দাবি, হাতে ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ে অনেকেই বিক্ষোভস্থলে উপস্থিত হচ্ছেন। তাঁদের মধ্যে কেউ কেউ ইউটিউবের জন্য রিল তৈরি করছেন, আবার কেউ সংবাদ সংগ্রহের কাজ করছেন। এই পরিস্থিতিতে প্রকৃত সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়ার কনটেন্ট নির্মাতাদের মধ্যে পার্থক্য করা পুলিশের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। এর আগে গত ৫ অক্টোবর বিক্ষোভের খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের জন্য একটি নির্দেশিকা জারি করেছিল দিল্লি পুলিশ।
তাতে বলা হয়েছিল, সাংবাদিকদের নিজেদের সংবাদমাধ্যমের দেওয়া বৈধ পরিচয়পত্র অথবা প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) কিংবা ডিরেক্টরেট অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি (DIP)-এর স্বীকৃতিপত্র সঙ্গে রাখতে হবে। কিন্তু কনটেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে এই ধরনের কোনও নির্দিষ্ট নিয়ম নেই। পুলিশের বক্তব্য, রিল নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরদের সাংবাদিক বা সংবাদদাতার মর্যাদা দেওয়া যায় কি না, তা সুপ্রিম কোর্ট বিবেচনা করে দেখুক। এই আইনি বিতর্কের ফলে সংবাদ সংগ্রহ ও ডিজিটাল কনটেন্ট তৈরির ভবিষ্যৎ সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।









