ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর ২০২৬: বিদেশি মহিলা ইউটিউবারের লাইভস্ট্রিমে অস্বস্তিকর আচরণ করে বিতর্কে জড়িয়েছিলেন উদয়পুরের এক যুবক। এবার সেই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিযুক্ত আফতাব। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে নিজের কান ধরে ভুল স্বীকার করতে এবং ভবিষ্যতে এমন আচরণ না করার প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছে।
ঘটনার সূত্রপাত উদয়পুরের টাউন হল গার্ডেন এলাকায়। থাই-ফরাসি ইউটিউবার ও লাইভস্ট্রিমার জাস্টকেথ (JustKeth) শহর ঘুরে দেখার সময় লাইভ সম্প্রচার করছিলেন। সেই সময় তাঁর কাছে এগিয়ে আসেন আফতাব। অভিযোগ, সেলফি তোলার পাশাপাশি তিনি বারবার ওই ইউটিউবারের কাছে ঠোঁটে চুমু খাওয়ার আবদার করেন। এতে স্পষ্টতই অস্বস্তিতে পড়েন তরুণী। তিনি একাধিকবার প্রত্যাখ্যান করলেও ওই যুবক আবদার চালিয়ে যান। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং পরে ভাইরাল হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই তদন্তে নামে উদয়পুর পুলিশ। প্রায় ১৫০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য খতিয়ে দেখে ২৩ বছর বয়সি আফতাব খান ওরফে গাবরুকে গ্রেফতার করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
ক্ষমা চাওয়ার ভিডিওতে আফতাব বলেন, তিনি নিজের ভুলের জন্য অত্যন্ত লজ্জিত। বাইরে থেকে আসা অতিথি এবং মহিলাদের সম্মান করা উচিত বলেও মন্তব্য করেন। ভবিষ্যতে এমন আচরণ না করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।









