ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ টলিপাড়ায় স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি ঘিরে তোলপাড় চলছে। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে তোলাবাজি, হুমকি ও অস্ত্র আইনে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। এই ঘটনায় মুখ খুলেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, স্বরূপ বিশ্বাসের ‘দাদাগিরি’র শিকার শুধু অভিনেতারাই নন, বরং নেপথ্যে থাকা টেকনিশিয়ানরা অনেক বেশি ভুগেছেন। তাঁদের অনিশ্চয়তা ও উপার্জনের দিক থেকে পিছিয়ে থাকার কারণে তাঁরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অনির্বাণ আরও বলেন, এই বিষয়টি নতুন নয়, তাঁরা অনেক আগেই এই নিয়ে কথা বলতে শুরু করেছিলেন। পুলিশ সূত্রে খবর, নিউ আলিপুর ও টালিগঞ্জ এলাকার একাধিক নির্মাণ ব্যবসায়ী ও প্রোমোটারের কাছ থেকে দীর্ঘদিন ধরে তোলাবাজি ও জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ উঠছিল স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। সম্প্রতি এক নির্মাণ সংস্থার পক্ষ থেকে কোটি টাকার তোলা দাবি ও ভয় দেখানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়।
সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের পর স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। আলিপুর আদালত তাঁকে ১৮ জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ৭৫(১)(ii), ৩০৮(৪), ৩০৮(৫), ১০৯, ৩৫১(৩) এবং ৬১ ধারার পাশাপাশি অস্ত্র আইনের ২৫ ও ২৭ ধারাও তাঁর বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে। এছাড়াও শ্লীলতাহানির অভিযোগও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্বরূপের গ্রেফতারি টলিপাড়ার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এক কড়া বার্তা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।







