কায়রোতে ভয়াবহ অগ্নিকাণ্ড, জ্বালানিবাহী ট্রাক উল্টে মৃত্যু ৩১ জনের

মিশরের রাজধানী কায়রোতে জ্বালানিবাহী ট্রাক উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় অন্তত ৩১ জনের মৃত্যু, আহত ১৫। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

Share:

ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর ২০২৬: মিশরের রাজধানী কায়রোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল অন্তত ৩১ জনের। আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার জনবহুল এলাকার একটি ব্যস্ত রাস্তায় জ্বালানিবাহী ট্রাক উল্টে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের গাড়িতেও। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কায়রোর রিং রোডে দুর্ঘটনাটি ঘটে। জ্বালানি বোঝাই ট্রাকটি উল্টে যাওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ আল-ওয়ারাক এলাকার আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। আগুনের ভয়াবহতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারী ও গাড়িচালকরা। দ্রুত এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন অনেকে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পাঠানো হয় ৩৯টি অ্যাম্বুল্যান্স। আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আগুনে বেশ কয়েকটি গাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। দমকলকর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার তদন্ত শুরু করেছে মিশরের প্রশাসন। অগ্নিকাণ্ডে গুরুতরভাবে দগ্ধ মৃতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মুস্তাফা মাদবৌলি। জ্বালানি পরিবহণের ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

আগুনের জেরে বন্ধ হয়ে যাওয়া রিং রোড পরে পরিষ্কার করে ফের যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে এই মর্মান্তিক দুর্ঘটনায় কায়রো জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।