বিজয়া দশমীর রাতে জিতের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপ্লুত টলিউড সুপারস্টার

বিজয়া দশমীর রাতে টলিউড সুপারস্টার জিতের বাসভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের সঙ্গে মিষ্টিমুখ, আধ্যাত্মিক মুহূর্ত উপভোগ করলেন। আপ্লুত জিৎ।

Share:

ব্যুরো নিউজ, ২২ অক্টোবর ২০২৬: রাজ্যে পালাবদলের পর প্রথম পুজো দেখে ভূয়সী প্রশংসা করেছিলেন টলিউড সুপারস্টার জিৎ।

এবার বিজয়া দশমীর আবহে তাঁর বাসভবনে পৌঁছে গেলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দশমীর রাতে জিতের বাড়িতে মুখ্যমন্ত্রীর এই আকস্মিক উপস্থিতি টলিউড পাড়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। উৎসবের শেষ লগ্নে মুখ্যমন্ত্রীর এহেন উপস্থিতিতে স্বাভাবিকভাবেই আপ্লুত অভিনেতা জিৎ ও তাঁর পরিবার।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে জিতের বাসভবনের সিংহদুয়ারে তাঁকে স্বাগত জানান অভিনেতা ও তাঁর পত্নী মোহনা মদনানি। এরপর ‘মাতা রানি’র আশীর্বাদী লাল উত্তরীয় পরিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেন জিৎ। অন্দরমহলে পুজোর আসরে গিয়ে ঠাকুরদর্শনের পাশাপাশি বিজয়া উপলক্ষে মিষ্টিমুখও করেন মুখ্যমন্ত্রী। সেখানে সুপারস্টারের পরিবারের সদস্যদের সঙ্গে খোশমেজাজে কথা বলার পাশাপাশি আধ্যাত্মিক মুহূর্তও উপভোগ করেন তিনি।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জিৎ জানান, “মায়ের দর্শন করেছেন, মূলত যেটার জন্য আসা। ওঁর উপস্থিতিতে আমরা খুবই আনন্দ পেয়েছি। উনি যেভাবে আমাদের সবাইকে সময় দিয়েছেন, সকলের আবদারকে শ্রদ্ধা জানিয়ে যেভাবে সবার সঙ্গে ছবি তুলেছেন, তাতে আমরা খুশি।” বিজয়ার আবহে জিৎ-শুভেন্দুর এই সাক্ষাতের মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।