ফাওয়াদ-মাহিরার সিরিজ ভারতে নিষিদ্ধ! বড় সিদ্ধান্ত নেটফ্লিক্সের

সরকারি সতর্কবার্তার পর ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত পাকিস্তানি ওয়েবসিরিজ ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ ভারতে মুক্তি পাচ্ছে না।

Share:

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: ফাওয়াদ খান ও মাহিরা খানের নতুন সিরিজ ঘিরে বিতর্কের অবসান! শেষ পর্যন্ত ভারতে মুক্তি পাচ্ছে না পাকিস্তানি সিরিজ ‘জো বচায়ে হ্যায় সঙ্গ সমেট লো’ (Jo Bachay Hain Sang Samait Lo)। নেটফ্লিক্সের এই সিদ্ধান্তে ভারতীয় দর্শকদের জন্য সিরিজটি দেখার সুযোগ আপাতত বন্ধ হয়ে গেল। ৪ ডিসেম্বর ২০২৬ বিশ্বজুড়ে সিরিজটির মুক্তির কথা থাকলেও ভারতের দর্শকরা নেটফ্লিক্সে এটি দেখতে পারবেন না বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে ২০২৫ সালের ৮ মে জারি করা নির্দেশিকার কথাও এই সিদ্ধান্তের নেপথ্যে গুরুত্বপূর্ণ। ওই নির্দেশিকায় ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলিকে পাকিস্তান থেকে উদ্ভূত সিনেমা, ওয়েব সিরিজ, গান ও অন্যান্য কনটেন্ট সম্প্রচার বন্ধ করার কথা বলা হয়েছিল। সম্প্রতি মন্ত্রক নেটফ্লিক্সকে সেই নির্দেশিকা মেনে চলার কথা স্মরণ করিয়ে দেয়। পাশাপাশি অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) এবং ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সিরিজটির ভারতে মুক্তি আটকানোর আবেদন জানায়।

ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজে ছয়টি প্রেমের গল্পের মাধ্যমে তিন প্রজন্মের সম্পর্ক, ভালোবাসা ও আবেগের জটিলতা তুলে ধরা হয়েছে। ফাওয়াদ ও মাহিরার পাশাপাশি অভিনয় করেছেন হানিয়া আমির, সানাম সাঈদ, আহাদ রাজা মীর-সহ একাধিক তারকা।

৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেলেও ভারতের দর্শকদের জন্য সিরিজটি অধরাই থেকে যাচ্ছে।