ব্যুরো নিউজ, ২৩ অক্টোবর ২০২৬: স্বাধীন ভারতের ইতিহাসে, বিশেষ করে বাঙালির জীবনে, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তাঁর অবদান অনেক সময় উপেক্ষিত থেকেছে। তবে দীর্ঘ ৭৯ বছরের অপেক্ষার পর, গত ৬ই জুলাই তাঁর ১২৫ তম জন্মদিন পালনের মধ্য দিয়ে ইতিহাসের অভিমুখ নতুন করে নির্ধারিত হয়েছে।
এবার সেই ‘ভারত কেশরী’ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বর্ণময় জীবন বড় পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব নিয়েছেন জাতীয় পুরস্কারজয়ী ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত পরিচালক মধুর ভাণ্ডারকর। পরিচালক তাঁর আসন্ন ছবি ‘দ্য ওয়াইভস অফ বলিউড’-এর কাজ শেষ করার পরেই এই নতুন প্রকল্প নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন। ছবির নাম নিশ্চিত করা হয়েছে ‘শ্যামা-দ্য মিসিং চ্যাপ্টার’।
আদিত্য কুমার হালওয়াসিয়া প্রযোজনার দায়িত্বে রয়েছেন এবং ভাণ্ডারকর এন্টারটেইনমেন্ট যৌথভাবে এই ছবির প্রযোজনা করবে। ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে রাজনৈতিক থ্রিলারের টানটান উত্তেজনার মেলবন্ধনে তৈরি হবে এই ছবি। মধুর ভাণ্ডারকর জানিয়েছেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম ও উত্তরাধিকারকে এক শক্তিশালী এবং আকর্ষণীয় আঙ্গিকে দর্শকদের সামনে তুলে ধরাই তাঁর প্রধান লক্ষ্য।
বাঙালির স্বাধীনতা সংগ্রামের লড়াই, অস্তিত্ব ও সংস্কৃতির ইতিহাসে শ্যামাপ্রসাদের যে অবদান, তা এই ছবির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।








