বনগাঁ কাণ্ডে গ্রেফতারির ভুয়ো খবর! কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মিমি চক্রবর্তী

বনগাঁ কাণ্ডে গ্রেফতারির ভুয়ো খবর! কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মিমি চক্রবর্তী। অভিনেত্রী জানালেন, তাঁর বিরুদ্ধে কোনও FIR বা চার্জশিট নেই।

Share:

ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ প্রাক্তন সাংসদ ও টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী বনগাঁ কাণ্ড নিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর’ বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি বিভিন্ন ডিজিটাল সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, বনগাঁ আদালতে মিমির বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে এবং তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই ভুয়ো প্রতিবেদনগুলির বিরুদ্ধে কড়া আইনি বিবৃতি জারি করেছেন অভিনেত্রী।

সোমবার সংবাদমাধ্যমের উদ্দেশ্যে পাঠানো এক অফিসিয়াল চিঠিতে মিমি স্পষ্ট জানান, তাঁর বিরুদ্ধে এমন কোনও আইনি পদক্ষেপের খবর তো দূর, আদতে কোনও এফআইআর-ই নেই। তথ্যের সত্যতা যাচাই না করেই খবর পরিবেশন করায় তিনি সংবাদমাধ্যমের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগকারী তনয় শাস্ত্রীর বয়ানের ওপর ভিত্তি করে ভুয়ো খবর ছড়ানোর জন্য তিনি একাধিক প্রথম সারির পোর্টালকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

ক্ষোভ উগরে দিয়ে মিমি লিখেছেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে উক্ত সংবাদমাধ্যম ও সাংবাদিকরা ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে দেওয়ার আগে তথ্যের সত্যতা যাচাই করার প্রয়োজনটুকুও মনে করেননি। আমার বিরুদ্ধে আনা এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি আরও যোগ করেন, এই ধরণের দায়িত্বজ্ঞানহীন রিপোর্টিং তাঁর দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি সুনাম ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

মিমি চক্রবর্তী পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, বনগাঁ আদালতে তাঁর বিরুদ্ধে কোনও চার্জশিট দেওয়া হয়নি। বর্তমান তারিখ পর্যন্ত তাঁর নামে কোনও ক্রিমিনাল রেকর্ড বা এফআইআরও দায়ের নেই। ভবিষ্যতে যাতে এই ভুয়ো খবর আর না ছড়ায়, তার জন্য কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সমস্ত শ্রদ্ধেয় সংবাদমাধ্যমকে অনুরোধ, যাচাই না করা বা মিথ্যা খবর পরিবেশন বা প্রচার করা থেকে বিরত থাকুন। অন্যথায়, এর সম্পূর্ণ দায় ও আইনি ঝুঁকি সংশ্লিষ্ট সংস্থাকেই বহন করতে হবে।