ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ ফের একবার বলিউড সঙ্গীত জগতে অবসরের গুঞ্জন। সম্প্রতি অরিজিৎ সিং প্লেব্যাকের দুনিয়া থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করার পর এবার সুরকার প্রীতমও কি একই পথে হাঁটছেন? জল্পনা তুঙ্গে। রবিবার, ১৪ জুন, ৫৫তম জন্মদিন পালন করেছেন প্রীতম। দিনভর শুভেচ্ছা বার্তা পেলেও, রাতে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করে তিনি অনুরাগীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছেন।
প্রীতম তাঁর পোস্টে জানিয়েছেন, এতদিন ধরে একটানা কাজের চাপের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। এবার জীবনের কিছু বছর নিজেকে উপহার দিতে চান, যাতে নতুনভাবে জীবনকে উপভোগ করা যায়। যদিও তিনি সরাসরি অবসরের কথা বলেননি, তবে তাঁর বার্তা থেকে তেমনই ইঙ্গিত মিলেছে। একাধিকবার সুর অনুকরণে অভিযোগ উঠলেও, বিগত আড়াই দশকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু হিট গান উপহার দিয়েছেন প্রীতম। তাঁর এই আকস্মিক ঘোষণা সঙ্গীত জগতে আলোড়ন ফেলেছে।
অনেকেই মনে করছেন, অরিজিতের পর এবার প্রীতমও যদি সঙ্গীত জগৎ থেকে সরে দাঁড়ান, তবে তা হবে বলিউড সঙ্গীত জগতের জন্য এক বিরাট ক্ষতি। তবে, তাঁর এই সিদ্ধান্তের পিছনে অন্য কোনও কারণ আছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।








