ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ রণবীর সিংকে ঘিরে ‘ডন ৩’ ছবির বিতর্ক এবার আইনি মোড় নিয়েছে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) সম্প্রতি অভিনেতার বিরুদ্ধে অসহযোগিতা নির্দেশ জারি করার পর, রণবীর সিং পাল্টা আইনি নোটিস পাঠিয়েছেন ফেডারেশনকে। জানা গিয়েছে, মঙ্গলবারই FWICE-এর উদ্দেশে এই নোটিস পাঠানো হয়েছে, যদিও নোটিসের বিষয়বস্তু এখনও স্পষ্ট নয়। তবে, এই ঘটনার জেরে ফেডারেশনকে আদালতে হাজিরা দিয়ে জবাবদিহি করতে হতে পারে বলে শোনা যাচ্ছে। গত কয়েক মাস ধরেই ফরহান আখতারের ‘ডন ৩’ ছবিটি নিয়ে রণবীর সিং বিতর্কের কেন্দ্রে। FWICE-এর দাবি, ‘ডন ৩’ শুরু হওয়ার ঠিক আগে রণবীর ছবি থেকে সরে দাঁড়ানোয় জটিলতা তৈরি হয়। এই বিষয়ে আলোচনার জন্য অভিনেতাকে ডাকা হলেও তিনি সাড়া দেননি।
উল্টে, রণবীর ই-মেলের মাধ্যমে জানান যে, এই বিষয়টি FWICE-এর এক্তিয়ারের বাইরে। এরপরই ফেডারেশন রণবীরের বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারি করে, যার ফলে ফেডারেশনের সদস্যরা ‘ডন ৩’ বিতর্কের সমাধান না হওয়া পর্যন্ত রণবীরের সঙ্গে কাজ করতে পারবেন না। এই পদক্ষেপের পর রণবীর সিংয়ের টিম একটি বিবৃতি প্রকাশ করে, যেখানে বলা হয় যে, অভিনেতা সচেতনভাবে এই বিতর্কের সময় নীরবতা বজায় রেখেছেন। তাঁদের বিশ্বাস, পেশাগত আলোচনা এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি। বলিউডে এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। FWICE বনাম রণবীরের এই বিরোধ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, তা দেখতে এখন উৎসুক সকলে।








