ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ রাজ্যে ক্ষমতার পালাবদলের আবহে একের পর এক প্রভাবশালী ব্যক্তিত্বের বিরুদ্ধে আইনি পদক্ষেপের খবর সামনে আসছে। এই পরিস্থিতিতে নতুন করে আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এই খবর সামনে আসতেই টলিপাড়া থেকে রাজনৈতিক মহল, সর্বত্র জোর চর্চা শুরু হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, ২০২১ সালে ‘পাকা দেখা’ ছবিতে বিনিয়োগের জন্য অভিনেতা-রাজনীতিবিদ শাহিদ ইমাম ওরফে শুভমের কাছ থেকে প্রায় ৬৮ লক্ষ টাকা নিয়েছিলেন সোহম। অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত দেননি তিনি। শাহিদ ইমাম দাবি করেছেন, ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের ভিত্তিতেই তিনি এই অর্থ ধার দিয়েছিলেন। প্রথমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা হলেও তাতে কোনও ফল না মেলায় তিনি আইনের দ্বারস্থ হন। এরপর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার পাশাপাশি চারু মার্কেট থানাতেও লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন শাহিদ।
সম্ভবত, সেই মামলাতেই এবার সোহম চক্রবর্তীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। একটি মামলার শুনানিতে নির্দিষ্ট সময়ে আদালতে হাজির না হওয়ায় বিচারক তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। এই পরোয়ানার পর সোহম কী পদক্ষেপ নেন, তিনি আদালতে আত্মসমর্পণ করেন কিনা, কিংবা তাঁর আইনজীবীরা কী অবস্থান নেন, সেদিকেই এখন নজর সকলের। ভোট-পরবর্তী রাজনৈতিক সমীকরণের মাঝে এই মামলা নিছক আর্থিক বিবাদ হিসেবেই সীমাবদ্ধ থাকে, নাকি আরও বড় আইনি মোড় নেয়, সেটাই এখন দেখার।








