মুখ্যমন্ত্রীর প্রাণনাশের আশঙ্কা! বিস্ফোরক অর্জুন সিং, অভিষেককে সরাসরি নিশানা

মুখ্যমন্ত্রীর প্রাণনাশের আশঙ্কা! বিস্ফোরক অর্জুন সিংয়ের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র করছেন। অস্ত্র উদ্ধার ও পোস্টার কাণ্ড নিয়ে তোপ দাগলেন তিনি।

Share:

ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর ২০২৬: বিজেপি নেতা অর্জুন সিং ফের এক বিস্ফোরক অভিযোগ আনলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাণনাশের ষড়যন্ত্র চলছে এবং তার পিছনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত বলে তিনি দাবি করলেন।

সম্প্রতি কাজল শেখের ভাইপোর বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে অর্জুন সিং বলেন, ‘বিগত সরকার মানুষের কথা ভাবেনি, শুধু লুঠ করেছে। কাজল শেখের মতো অনেক নেতা এই কাজের সঙ্গে যুক্ত। উদ্ধার হওয়া অস্ত্রের আসল মালিক ছিল কাজল শেখ।’ তিনি আরও অভিযোগ করেন, কলকাতা জুড়ে ফিরহাদ হাকিমের নামে যে পোস্টার পড়েছে, তার পিছনেও তৃণমূলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ জড়িত। এই গ্রুপে ১৮০ জন সদস্য রয়েছে এবং তারা মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজর রাখছে।

অর্জুন সিংয়ের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রীর ক্ষতি করার জন্য এই চক্রান্ত করছেন। তাই তাঁর অবিলম্বে গ্রেফতার হওয়া উচিত। তিনি দাবি করেন, এই ষড়যন্ত্রে অনেক উগ্রপন্থীরাও জড়িত। অর্জুন সিং জোর দিয়ে বলেন, তিনি সঠিক খবর নিয়েই এই কথা বলছেন। তাঁর বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশিদিন বাইরে ঘুরে বেড়াতে পারবেন না এবং শীঘ্রই তিনি খাঁচায় ঢুকবেন।

প্রসঙ্গত, গতকাল বীরভূমের হাসানের বিধায়ক কাজল শেখের নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে পুলিশ প্রশাসন। তারপরই বৃহস্পতিবার রাতে নানুরে তাঁর ভাইপো শেখ হুমায়ন ও শেখ জাহাঙ্গিরের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। যদিও, অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

এই মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল অবশ্য এখনও এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া জানায়নি।