ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: রবিবার রামলীলা ময়দানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ইন্ডি জোটের অনুষ্ঠিত হওয়া এক রাজনৈতিক সমাবেশকে ঘিরে বিতর্ক তুঙ্গে।
কাল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে সেখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। কিন্তু বাস্তবে ভিড়ের ছবি নিয়ে প্রশ্ন ওঠায় এবার সরাসরি কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু।
তিনি অভিযোগ করেছেন, কংগ্রেস রামলীলা ময়দানের ভিড় দেখানোর জন্য এআই ব্যবহার করে ভুয়ো ছবি তৈরি করেছে। রিজিজু আরও বলেন, শুধু ছবি তৈরি করাই নয়, সেই ছবিও নিখুঁতভাবে তৈরি করতে পারেনি কংগ্রেস। তিনি জানান, রবিবার সভার মঞ্চের যে ছবি সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেতারা পোস্ট করেছেন, তা আসল নয়। আসল মঞ্চে ছাউনি এবং দুটি অংশ থাকলেও, এআই জেনারেটেড ছবিতে সেইসব কিছুই নেই। এই বিষয়টিকেই হাতিয়ার করে রিজিজু কংগ্রেসের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ এনেছেন।
রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যেকার লড়াইকে আরও তীব্র করে তুলবে। কংগ্রেসের মতো বিরোধী দলগুলির এই ধরনের পদক্ষেপের ফলে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে, বিজেপি এই ঘটনাকে তাদের প্রচারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহার করছে।








