ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬ : বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি উদ্বোধন করেছেন দেশের প্রথম এলইডি ডোম প্ল্যানেটেরিয়াম, যা মহাকাশকে অনুভব করার এক অভূতপূর্ব অভিজ্ঞতা দেবে।
কর্ণাটকের মাইসুরুতে অবস্থিত এই অত্যাধুনিক প্ল্যানেটেরিয়ামটি বিশ্বের অন্যতম সেরা এলইডি ডোম প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে। এখানে ৮কে রেজোলিউশনে মহাবিশ্বের বিস্ময়কর দৃশ্য দেখা যাবে, যা দর্শকদের এক অন্য জগতে নিয়ে যাবে।
ইন্ডিয়ান ইন্সটিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্স এবং মাইসোর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই প্ল্যানেটেরিয়ামটি তৈরি হয়েছে। এতে রয়েছে একটি ১৫ মিটার ব্যাসের এলইডি ডোম, যা প্রায় ১৬০ জন দর্শক ধারণ করতে পারে। সাধারণ প্ল্যানেটেরিয়ামের মতো এখানে ছবি প্রজেক্ট করা হয় না, বরং পুরো গম্বুজটিই একটি বিশাল ডিসপ্লে হিসেবে কাজ করে। ৬,১৪৮টি এলইডি প্যানেল এবং ৪২.৭ মিলিয়ন পিক্সেলের সমন্বয়ে তৈরি এই ডিসপ্লে গ্রহ, নক্ষত্র এবং মহাজাগতিক ঘটনাগুলোকে অবিশ্বাস্য স্পষ্টতায় ফুটিয়ে তোলে।
প্ল্যানেটেরিয়ামটিতে মহাকাশ নিয়ে বিভিন্ন তথ্যবহুল অনুষ্ঠান প্রদর্শিত হবে, যার মধ্যে রয়েছে ‘Our Home, Our Cosmos’, ‘Cosmos Odyssey’ এবং ‘Voyager’। এই অনুষ্ঠানগুলি ইংরেজি, কন্নড় এবং হিন্দি ভাষায় উপলব্ধ থাকবে। এছাড়াও, এখানে দুটি ইন্টার্যাকটিভ প্রদর্শনী হল, একটি লেকচার হল, প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি মিউজিয়াম রয়েছে, যেখানে ভূতাত্ত্বিক ও জীববৈজ্ঞানিক নমুনাও স্থান পাবে। এই উদ্যোগটি বিজ্ঞান শিক্ষাকে আরও সহজলভ্য করে তুলবে বলে আশা করা হচ্ছে।









