ব্যুরো নিউজ, ১৯ অক্টোবর ২০২৬: মহাষ্টমীর পুণ্যলগ্নে রীতি ও ঐতিহ্য মেনে বেলুড় মঠ এবং জয়রামবাটির মাতৃমন্দিরে সাড়ম্বরে পালিত হল কুমারী পুজো। নারীশক্তির আরাধনার এই বিশেষ তিথিতে দুই পবিত্র স্থানেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র বেলুড় মঠে সকাল থেকেই ভক্তরা ভিড় জমান। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে এক কুমারীকে দেবী দুর্গা জ্ঞানে পুজো করা হয়। এ বছর হুগলির রিষড়ার বাসিন্দা দেবাদৃতা বন্দ্যোপাধ্যায়কে কুমারী রূপে বেছে নেওয়া হয়েছিল। পুষ্পাঞ্জলি, আরতি এবং প্রসাদ বিতরণের মাধ্যমে এই বিশেষ পুজো সম্পন্ন হয়।
অন্যদিকে, মা সারদার জন্মভিটে জয়রামবাটির মাতৃমন্দিরেও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার তিথি ধরে কুমারী পুজো অনুষ্ঠিত হয়। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ডিহি গ্রামের সৃজিতা ভট্টাচার্যকে এ বছর কুমারী রূপে পুজো করা হয়। সাড়ে পাঁচ বছরের সৃজিতাকে মায়ের পুরনো বাড়ি থেকে দুর্গা রূপে সাজিয়ে মাতৃমন্দিরে নিয়ে আসা হয়। সৃজিতার বাবা শুভদীপ ভট্টাচার্য এবং মা ইপ্সিতা ভট্টাচার্য তাঁদের মেয়েকে বেছে নেওয়ায় আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।

জয়রামবাটির এই কুমারী পুজো দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমিয়েছিলেন। প্রসঙ্গত, জয়রামবাটিতে ১৯২৫ সাল থেকে দুর্গাপূজা শুরু হয়েছিল। দীর্ঘদিনের রীতি মেনে মহাষ্টমীতে কুমারী পুজো এখানকার অন্যতম আকর্ষণ। কামারপুকুর রামকৃষ্ণ মঠ সহ রাজ্যের অন্যান্য রামকৃষ্ণ মঠ ও মিশনেও মহাষ্টমীতে কুমারী পুজো পালিত হয়েছে।







