ব্যুরো নিউজ,১৯শে নভেম্বর ২০২৬ : লখনউয়ের ভিড়ের রাস্তায় প্রতিদিন চলে একটি ই-রিকশা। হ্যান্ডেলে ৪২ বছরের মালতী। বাইরে থেকে তিনি সাধারণ চালক, কিন্তু গাড়ির ভেতরে সাজানো পুরনো হকির ছবি, মেডেল আর স্মারক—যেন চলন্ত রিকশায় লেগে আছে এক গৌরবের অতীত। যে হাতে একসময় জাতীয় স্তরে হকিস্টিক ধরতেন, আজ সেই হাতেই রিকশার হ্যান্ডেল। সংসারের তাগিদে স্বপ্ন সরিয়ে রেখে জীবনের লড়াইয়ে নেমেছেন এই প্রাক্তন খেলোয়াড়।
ছোটবেলা কাটে লখনউয়ের চন্দ্রভান গুপ্ত মাঠের পাশে। রাস্তার ধার থেকে কে ডি সিংহ বাবু সোসাইটির হকি ম্যাচ দেখতেন। সবুজ মাঠ, দৌড়ানো খেলোয়াড়, স্টিকের ঠকঠক শব্দ আর গ্যালারির হইচই—এসবে ছোট্ট মালতীর হকির প্রতি আকর্ষণ জন্মায়। একদিন কোচ গুরতোষ পাণ্ডে তাঁকে মাঠের ধারে খেলা দেখতে দেখে বলেন, “এবার তুমিও স্টিক হাতে নাও।” এই কথাতেই তাঁর জীবনের গতি বদলে যায়। উৎসাহে তিনি বাবু হকি সোসাইটিতে যোগ দেন, শুরু হয় কঠোর প্রশিক্ষণ, ভোরে ওঠা আর ঘাম ঝরানো অনুশীলন।
পরে সপ্রু মার্গের ভারতীয় বালিকা ইন্টার কলেজে পড়ার সময় মালতী স্কুলের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় খেলতেন। হকির পাশাপাশি অ্যাথলেটিক্সেও তাঁর দক্ষতা ছিল অসাধারণ। ১০০ মিটার, ৮০০ মিটার ও রিলে দৌড়ে অংশ নিয়ে তিনি বারবার প্রতিভার প্রমাণ দেন। পরিশ্রম, জেদ ও খেলার প্রতি ভালোবাসায় একসময় মর্যাদাপূর্ণ কে ডি সিংহ বাবু মহিলা হকি হস্টেলে স্থান পান। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেন। মাঠে তাঁর গতি, স্টিকের কৌশল ও গোল করার ক্ষমতা সকলের দৃষ্টি আকর্ষণ করে।
সবচেয়ে কষ্টের কথা হল, দুর্ভাগ্য শুধু মালতীকেই ছাড়েনি। তাঁর ছেলেকেও জীবিকার তাগিদে খেলাধুলা ছেড়ে চায়ের দোকানে কাজ করতে হয়েছে। মা যেমন হকিস্টিক ছেড়ে রিকশার হ্যান্ডেল ধরেছেন, ছেলেও তেমনই খেলার মাঠ ছেড়ে ধরেছে চায়ের কেটলি। পরিবারের দায়ে মা-ছেলে দু’জনেরই খেলার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে।









