ব্যুরো নিউজ,১৮ই নভেম্বর ২০২৬ : শেনজেন এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। এপেক সম্মেলনকে ঘিরে গত কয়েক দশকে বিরল এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী বিশ্ব। একই মঞ্চে উপস্থিত তিন মহাশক্তির নেতা—চীনের শি জিনপিং, মার্কিন ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার ভ্লাদিমির পুতিন। তাদের প্রতিটি পদক্ষেপ, হাসি, করমর্দন ও মন্তব্য এখন বিশ্ব মিডিয়ার শিরোনাম। এই সম্মেলন শুধু আঞ্চলিক অর্থনৈতিক বৈঠক নয়, বরং বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণের রণক্ষেত্র, যেখানে বাণিজ্য, প্রযুক্তি, কূটনীতি ও ক্ষমতার লড়াই একাকার।
সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল শি জিনপিংয়ের নিজে এগিয়ে এসে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানানো। বছরের পর বছর বাণিজ্য যুদ্ধ ও ভূ-রাজনৈতিক টানাপোড়েনের পর দুই শীর্ষ নেতার এই আন্তরিকতা আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে। অনেকের প্রশ্ন, এটি কি নতুন অধ্যায়ের সূচনা? ট্রাম্প সফরের ঠিক আগে ফিলিপাইনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন, যা তার এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করেছে।
শি স্পষ্ট করেছেন, তিনি চীন-মার্কিন সম্পর্ককে স্থিতিশীল ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে এগিয়ে নিতে চান। এই বার্তা বিশ্ববাজার থেকে সাধারণ মানুষ—সবাইকে আশাবাদী করেছে। কী ঘোষণা আসে, তা জানতে এখন সবার দৃষ্টি শেনজেনে।
তবে শি-ট্রাম্প বৈঠকের আলো যখন একদিকে, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্যে আলো কেড়ে নিলেন পুতিন। তিনি দাবি করলেন, ইউরোপ “অপমানজনক পতনের” দিকে এগোচ্ছে। এতে ইউরোপীয় রাজধানীগুলোতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং অনেকে একে পশ্চিমের প্রতি রাশিয়ার সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।
আরও নাটকীয়ভাবে, সম্মেলনের ফাঁকে ট্রাম্ম ও পুতিনের করমর্দন ও অনানুষ্ঠানিক আলোচনার সম্ভাবনার খবরও এসেছে, যা রুশ গণমাধ্যমেও প্রচারিত হয়েছে। আমেরিকা-রাশিয়া, চীন-আমেরিকা সম্পর্কের নতুন সমীকরণ এবং ইউরোপ নিয়ে পুতিনের কড়া বার্তা মিলিয়ে এপেক সম্মেলন ইতিহাসে জায়গা করে নিতে চলেছে। বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা দিয়ে শুরু হওয়া এই সম্মেলন বিশ্ব ক্ষমতার নতুন মানচিত্র আঁকবে কিনা—এটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।









