গাজার হাসপাতালে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা! চিকিৎসক-সহ নিহত ৬, আহত অন্তত ২০

গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় ৬ ফিলিস্তিনি নিহত, ২০ আহত। হাসপাতাল চত্বরে সার্জিক্যাল ওয়ার্ড ও আইসিইউ ক্ষতিগ্রস্ত। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ।

Share:

ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: যুদ্ধবিরতির মধ্যেও রক্তাক্ত গাজা! ফের হাসপাতাল লক্ষ্য করে ইজরায়েলের বিমান হামলায় প্রাণ হারালেন অন্তত ৬ জন প্যালেস্তিনীয়। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। বৃহস্পতিবার রাতে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন বিশিষ্ট শল্যচিকিৎসক ডা. রিজক আবু শাইরা। হাসপাতালের অস্ত্রোপচার বিভাগ ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থাকা একটি ভবনেই আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রকের দাবি, নিহতদের মধ্যে চিকিৎসাকর্মী, রোগী এবং তাঁদের পরিজনও রয়েছেন। হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সংক্রান্ত বিধির লঙ্ঘন বলে অভিযোগ করেছে তারা।

অন্যদিকে, ইজরায়েলি সেনাবাহিনীর দাবি, হাসপাতালটিকে হামাসের সশস্ত্র শাখার এক কমান্ডার ও অন্যান্য যোদ্ধারা সেনাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করতে সদর দফতর হিসেবে ব্যবহার করছিলেন। সেই লক্ষ্যেই অভিযান চালানো হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হামাস।

উল্লেখ্য, ২০২৫ সালের অগস্টেও নাসের হাসপাতালে ইজরায়েলের জোড়া হামলায় সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী-সহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল।

২০২৫ সালের অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় হামলা থামেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ১,৬২০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। রাষ্ট্রসংঘের মতে, এই পরিসংখ্যান নির্ভরযোগ্য। তার উপর প্রবল বৃষ্টিতে বাস্তুচ্যুত মানুষের শিবির প্লাবিত হওয়ায় মানবিক সঙ্কট আরও গভীর হয়েছে।