ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: ভারতের সামরিক ও অর্থনৈতিক শক্তির উত্থান ঠেকাতেই কি পাকিস্তানকে মদত দিচ্ছে চিন? অপারেশন সিঁদুর ঘিরে এবার এমনই বিস্ফোরক দাবি সামনে আনল আমেরিকার একটি কংগ্রেসনাল প্যানেল। তাদের রিপোর্টে বলা হয়েছে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের সময় ইসলামাবাদকে সামরিক ও প্রযুক্তিগতভাবে সাহায্য করেছিল বেজিং। চিনের এই কৌশলের মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ায় ভারতের ক্রমবর্ধমান প্রভাব খর্ব করা।
US-China Economic and Security Review Commission-এর ২০২৬ সালের বার্ষিক রিপোর্টে চিনের এই ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান চিনের কাছ থেকে কেনা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছিল। পাশাপাশি চিনা প্রযুক্তিবিদদের পাকিস্তানে উপস্থিত থেকে সামরিক সরঞ্জামের কার্যকারিতা বাড়াতে সাহায্য করার কথাও উঠে এসেছে।
এমনকী, ভারতীয় সামরিক কর্তাদের বক্তব্যের উল্লেখ করে রিপোর্টে বলা হয়েছে, সংঘাতের সময় পাকিস্তান চিনের কাছ থেকে রিয়েল-টাইম স্যাটেলাইট ছবি ও গোয়েন্দা তথ্য পেয়ে থাকতে পারে। তবে এই নির্দিষ্ট অভিযোগ বেজিং নিশ্চিত করেনি।
শুধু সামরিক সাহায্য নয়, ভারতের শিল্প ও প্রযুক্তিগত অগ্রগতিতেও বাধা তৈরি করতে চিন গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ রফতানিতে বিধিনিষেধ আরোপ করছে বলে অভিযোগ রিপোর্টে। পাশাপাশি ভারত মহাসাগরে চিনের নৌ ও নজরদারি উপস্থিতি বাড়ানো নিয়েও উদ্বেগ জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে ভারতের প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য আদানপ্রদান এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়ানোর সুপারিশ করেছে মার্কিন প্যানেল।









