ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬: নিজের মাটিতে মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতে ইতিহাসে নাম লেখালেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেতো। ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে ২৪ নভেম্বর সান হুয়ানে বসেছিল। ২৭ বছর বয়সি বারেতো ১১৫ জন প্রতিযোগীকে পিছনে ফেলে শিরোপা জেতেন।
আয়োজক অঞ্চলটির কাছে এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ঘরের দর্শকদের সামনে পুয়ের্তো রিকো ষষ্ঠ বার মিস ইউনিভার্সের খেতাব পেল। ফিনালে হয়েছিল কোলিসিও দে পুয়ের্তো রিকো হোসে মিগেল আগ্রেলটে। ডমিনিকান রিপাবলিক প্রথম রানার-আপ হয়েছে। প্রতিযোগিতার একাধিক পর্ব পেরিয়ে শেষ পাঁচে জায়গা করে নেন বারেতো। এরপরই তাঁর হাতে ওঠে মুকুট। পুয়ের্তো রিকোর হয়ে এর আগে ১৯৭০ সালে মারিসোল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-দেউ, ১৯৯৩ সালে দায়ানারা তোরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেইকা রিভেরা এই খেতাব জিতেছিলেন। বারেতোর জয়ে দেশটির ২০ বছরের অপেক্ষারও অবসান হল। সান সেবাস্তিয়ানের প্রতিনিধিত্ব করা বারেতো জুন মাসে মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো ২০২৬ নির্বাচিত হন। সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে তিনি নতুন মুখ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার র্যাম্পে হাঁটেন তিনি। মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রির পাশাপাশি মনোবিজ্ঞান ও সমাজকর্মে তাঁর স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। প্রতিরোধমূলক কাজ এবং কমিউনিটি সহায়তার সঙ্গে যুক্ত তাঁর পেশাগত জীবন।
২০২১ সালে টেক্সাসের ফোর্ট ক্যাভাজোসে মার্কিন সেনাবাহিনীর ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে শিক্ষিকা ও সংকট মোকাবিলা সহায়ক হিসেবে কাজ শুরু করেন বারেতো। সেখানে পারিবারিক হিংসা ও শিশু নির্যাতনের শিকারদের পাশে দাঁড়াতেন তিনি। পরে কার্ল আর ডার্নাল আর্মি মেডিক্যাল সেন্টারে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন এবং প্রতিরোধ বিশেষজ্ঞ হন। মিস ইউনিভার্সের মঞ্চকে কাজে লাগিয়ে প্রতিরোধ ও সমাজকল্যাণের কাজ আরও মানুষের কাছে পৌঁছে দিতে চান তিনি।









