ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: আকাশছোঁয়া বাড়িভাড়া, লাগামছাড়া জীবনযাত্রার খরচ এবং বেতনের সঙ্গে ব্যয়ের অসামঞ্জস্য—এই তিনের প্রতিবাদে উত্তাল স্পেন! দীর্ঘ ১৪ বছর পর দেশের প্রধান শ্রমিক সংগঠনগুলির ডাকে পালিত হল সাধারণ ধর্মঘট। বুধবার রাস্তায় নামলেন হাজার হাজার মানুষ। রাজধানী মাদ্রিদে প্রায় ১ লক্ষ ২০ হাজার এবং বার্সেলোনায় ৫০ হাজারেরও বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। তবে বার্সেলোনায় বিক্ষোভ ঘিরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। মুখোশধারী কয়েক জন বিক্ষোভকারী রাস্তায় আগুন ধরিয়ে দেন, ভাঙচুর চালান দোকানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
এই ধর্মঘটের মূল কারণ আবাসন সঙ্কট ও মূল্যবৃদ্ধি। মাদ্রিদে ৫০ বর্গমিটারের একটি ফ্ল্যাটের গড় মাসিক ভাড়া ১,১৭০ ইউরো। অথচ স্পেনে গড় মাসিক মোট বেতন প্রায় ২,৪৬০ ইউরো। অর্থাৎ আয়ের প্রায় অর্ধেকই চলে যাচ্ছে বাড়িভাড়ায়।
৮৭ বছরের মারিকারমেন আবাসকালকে মাদ্রিদে সাত দশক ধরে বসবাস করা বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাও আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে। কয়েক সপ্তাহ পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে।
ধর্মঘটের জেরে পরিবহণ-সহ বিভিন্ন সরকারি পরিষেবা ব্যাহত হয়েছে। আগামী ২৯ নভেম্বর স্পেনে সংসদীয় নির্বাচন। তার আগে এই আন্দোলন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের পাশাপাশি বিরোধী শিবিরের কাছেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত বহন করছে।









