বাড়িভাড়ার আগুনে স্পেনে মহাবিক্ষোভ! ১৪ বছর পর দেশজুড়ে সাধারণ ধর্মঘট

স্পেনে ভয়াবহ আবাসন সংকটের প্রতিবাদে ১৪ বছর পর দেশজুড়ে সাধারণ ধর্মঘট। লক্ষ লক্ষ শ্রমিক রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন।

Share:

ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: আকাশজুড়ে ঝড়-বৃষ্টি, রাস্তায় হাজার হাজার মানুষের বিক্ষোভ, বন্ধ দোকানপাট ও শিল্পকারখানা! বাড়িভাড়া ও বাড়ির আকাশছোঁয়া দামের প্রতিবাদে উত্তাল স্পেন। বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘটে সামিল হলেন প্রায় ৪০ লক্ষ কর্মী। গত ১৪ বছরের মধ্যে এই প্রথম এমন সর্বাত্মক ধর্মঘট দেখল দেশটি। আগামী ২৯ নভেম্বরের আগাম সাধারণ নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এই আন্দোলন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পেনের দুই বৃহত্তম শ্রমিক সংগঠন UGT ও CCOO-র পাশাপাশি ভাড়াটিয়া সংগঠনগুলিও এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। তাঁদের অভিযোগ, লাগামছাড়া বাড়িভাড়া ও বাড়ির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

স্পেনের কেন্দ্রীয় ব্যাঙ্কের হিসাব অনুযায়ী, দেশে প্রায় ৭ লক্ষ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। ২০২৮ সালের মধ্যে তা ১০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে, স্পেনের যুব পরিষদের তথ্য বলছে, গড় বাড়িভাড়া মাসে ১,১৭৬ ইউরো, যা একজন তরুণের গড় মাসিক বেতনের প্রায় ৯৮.৭ শতাংশ!

মাদ্রিদের গ্রান ভিয়া-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দোকানপাট বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপুরের মধ্যে ৪৭৬টি ঘটনার জেরে ৪০ জনকে গ্রেফতার করা হয়। আহত হন অন্তত ২০ জন বিক্ষোভকারী।

বন্দর ও গাড়ি নির্মাণ শিল্পে ধর্মঘটের প্রভাব ছিল সবচেয়ে বেশি। শ্রমিক সংগঠনগুলির দাবি, এই দুই ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণের হার পৌঁছেছিল ৯০ শতাংশে।

বাড়ির দাবিতে স্পেনের এই গণআন্দোলন এখন নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে।