ব্যুরো নিউজ, ২৭শে নভেম্বর ২০২৬ : রবিবারের ভোটের পর স্পেনের রাজনীতিতে এবার সবচেয়ে বড় চমক হতে চলেছেন তিনি! অতি-দক্ষিণপন্থী দল ভক্সের নেতা সান্তিয়াগো আবাসকাল এখন ক্ষমতার দরজায় কড়া নাড়ছেন। গোটা স্পেন তাকিয়ে আছে একটাই প্রশ্নের দিকে, ভক্স কি এবার কিংমেকার হয়ে উঠবে? নির্বাচনের ফল এখনও হাতে আসেনি, কিন্তু আবাসকালকে ঘিরে উত্তেজনা ইতিমধ্যে তুঙ্গে।
৫০ বছরের এই নেতার রাজনীতির মূলমন্ত্র একটাই, স্পেনের ঐক্য রক্ষা। কোনও আপস নয়, কোনও ভাগাভাগি নয়। বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েই তিনি বছরের পর বছর ধরে নিজের জায়গা পাকা করেছেন। আর সেই কঠোর ভাবমূর্তিই এবার তাঁকে স্পেনের জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
তবে আবাসকালের এই লড়াইয়ের শুরু হঠাৎ নয়। এর নেপথ্যে রয়েছে রক্ত, আগুন ও আতঙ্কে ভরা শৈশব। বাস্ক অঞ্চলের ছোট শহর আমুরিওতে বেড়ে ওঠেন তিনি, যখন চারদিকে দাপিয়ে বেড়াচ্ছে কুখ্যাত বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইটিএ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তাদের হামলায় স্পেনে ৮৫০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সেই ভয়াবহ সময়ের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন আবাসকাল নিজেও।
তাঁর পরিবার পিপলস পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। দাদু থেকে বাবা, সবাই এই দলের সমর্থক। তাই ইটিএ-র লক্ষ্যবস্তু হন তাঁরা। বাবার পোশাকের দোকানে মলোটভ ককটেল ছোড়া হয়, দেওয়ালে হুমকি লেখা হয়। ১৯৯৯ সালে আগুনে দোকান পুড়ে যায়। পরে বুলেটপ্রুফ কাচ বসিয়ে নতুন করে দোকান গড়ে তোলে পরিবার। সেই দিনের কথা আবাসকাল আজও ভোলেননি।
এবারের নির্বাচনী প্রচারে বিরোধী নেতা প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে তীব্র আক্রমণ করেছেন। তাঁকে স্পেনের জন্য ‘অস্তিত্বের হুমকি’ বলেছেন। সভা, সাক্ষাৎকার ও সমাজমাধ্যমে কোনো ছাড় দেননি। তাঁকে ‘দেশদ্রোহী’ ও মরক্কোর ‘পতাকাবাহক’ আখ্যা দিয়েছেন। জুলাইয়ে সেউটা ছিটমহলে ব্যাপক অভিবাসী প্রবেশ ঠেকাতে ব্যর্থতার অভিযোগও তুলেছেন।









