ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: মুকুট জয়ের স্বপ্ন, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন ভিসা নীতি! যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার জেরে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে আফ্রিকার একাধিক দেশের সুন্দরীদের। বিশেষ করে জিম্বাবোয়ের প্রতিনিধি রোজানা হল এবং দক্ষিণ সুদানের প্রতিযোগীর পুয়ের্তো রিকো যাত্রা নিয়ে তৈরি হয়েছে সংশয়। আগামী ২৪ নভেম্বর বসবে প্রতিযোগিতার ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব।
রোজানা হল জানিয়েছেন, ভিসার অনুমোদন পেতে কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চালাচ্ছেন তিনি। এমনকি ভিসার জন্য দক্ষিণ আফ্রিকাতেও ছিলেন। কিন্তু এখনও মেলেনি প্রয়োজনীয় ছাড়পত্র। তাঁর কথায়, এই সমস্যায় তিনি একা নন, আরও কয়েকজন আফ্রিকান প্রতিযোগী একই পরিস্থিতির মুখোমুখি।
অন্যদিকে, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের প্রতিনিধি পামেলা মুবাঙ্গাকে প্রত্যাহার করেছে জাম্বিয়া। ২৫ বছর বয়সি এই নার্স গত ৮ অক্টোবর মিস ইউনিভার্স জাম্বিয়া নির্বাচিত হয়েছিলেন।
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া মার্কিন প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন ১০৯৯৮-এর আওতায় জিম্বাবোয়ে-সহ ১৯টি দেশের নাগরিকদের ভিসার ক্ষেত্রে আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর প্রভাব পড়েছে প্রতিযোগীদের অংশগ্রহণেও। প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান হওয়ার কথা সান জুয়ানের হোসে মিগেল আগ্রেলট কোলিসিয়ামে।









