শিক্ষক নিয়োগ দুর্নীতি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি, সমন সাংসদকে

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি। সমন জারি করা হয়েছে তাঁকে। এর আগেও একাধিকবার তলব করা হয়েছে তাঁকে।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার বিকেলে ইডির আধিকারিকরা তাঁর কালীঘাটের বাসভবনে যান। জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের স্বার্থে তাঁকে সমন জারি করা হয়েছে। সূত্রের খবর, ইডি আধিকারিকরা প্রথমে অভিষেকের ‘শান্তিনিকেতন’ বাসভবনে যান, সেখানে তাঁকে না পেয়ে তাঁরা কালীঘাটের বাড়িতে পৌঁছন। সেখানেই তাঁর নিরাপত্তারক্ষীদের হাতে সমনের নোটিস তুলে দেওয়া হয়। এই বিষয়ে অবশ্য অভিষেক বা তাঁর দল কোনও মন্তব্য করতে চায়নি।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলায় ইডি তাঁকে এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্তেও তাঁর সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র অফিসে তল্লাশি চালানো হয়েছিল। সম্প্রতি, বিধানসভায় জমা পড়া একটি চিঠিতে সই জালিয়াতির অভিযোগের ভিত্তিতে সিআইডি অভিষেককে তলব করেছিল। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সেই তলব এড়ান এবং ১৫ দিনের সময় চান। এরপরই সিআইডি তাঁর কালীঘাটের বাড়িতে যায়। সিআইডির এই সমনকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক, যার শুনানি আগামী ৫ জুন হওয়ার কথা। এই পরিস্থিতিতে ফের ইডির সমন নতুন করে রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে।