মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশি নোটিস, সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ

মেসি কাণ্ডে কালোবাজারি ও প্রতারণার অভিযোগে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশি নোটিস। সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ।

Share:

ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশি নোটিস। মেসির ইভেন্ট ঘিরে কালোবাজারি, প্রতারণা এবং চাঁদাবাজির অভিযোগের মামলায় এবার তাঁর বাড়িতে নোটিস সাঁটিয়ে দিল বিধাননগর পুলিশ। সূত্রের খবর, অরূপ বিশ্বাস শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সম্প্রতি হাজিরা এড়াতে চেয়েছিলেন। কিন্তু তাঁর এই যুক্তিতে সন্তুষ্ট নয় পুলিশ। কোনও মেডিক্যাল সার্টিফিকেট জমা না দেওয়ায় তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। গত ১৭ মে শতদ্রু দত্ত নামে এক ব্যক্তি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের করেন।

তাঁর অভিযোগ, অরূপ বিশ্বাস মেসিকে নিয়ে আসা ইভেন্টে কালোবাজারি, চাঁদাবাজি, প্রতারণা এবং নিরাপত্তার গাফিলতি করেছেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অরূপ বিশ্বাসের কাছে হাজিরা চেয়ে নোটিস পাঠায়। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়ে নেন। তবে, পুলিশ জানিয়েছে, অরূপ বিশ্বাস তাঁর অসুস্থতার কোনও প্রমাণ জমা দেননি। তাই তাঁর সময় চাওয়ার আবেদন গ্রাহ্য করা হয়নি। বরং, তাঁকে আগামী সোমবার সকাল ১১টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নোটিস তাঁর বাড়ির দরজায় সাঁটিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রাক্তন মন্ত্রীর অস্বস্তি আরও বাড়ল।