ব্যুরো নিউজ, ২০ সেপ্টেম্বর ২০২৬: পুজো হচ্ছেই! অনিশ্চয়তার কালো মেঘ কাটিয়ে অবশেষে ঝলমলে শরতের আকাশ বাগবাজার সার্বজনীনে। রবিবার বৃষ্টিমুখর সকালেই ঢাকের বাদ্যি বেজে উঠল বাগবাজার পুজোপ্রাঙ্গনে। নতুন কমিটির হাতে সাড়ম্বরে সম্পন্ন হল ১০৮ বছরের প্রাচীন এই পুজোর খুঁটিপুজো। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজোর শুভারম্ভ হল। হাতে আর এক মাসেরও কম সময় বাকি।
বরাবরই থিম পুজোর জোয়ারে গা না ভাসিয়ে শতাব্দী প্রাচীন তথা বনেদি সংস্কৃতির অন্যতম মুখ এই মাতৃপ্রতিমা তার রাজকীয় ঐতিহ্য আজও ধরে রেখেছে, যা বাংলার দুর্গাপুজোর গর্ব। তাই ভক্তদের মধ্যে এই পুজোর জনপ্রিয়তা আকাশছোঁয়া।
চলতি বছর এই পুজো নিয়ে অনিশ্চয়তার খবর ছড়িয়ে পড়তেই মনখারাপ হয়ে গিয়েছিল শহরবাসীর। তবে হাই কোর্টের হস্তক্ষেপে সেই জট কাটে গত মঙ্গলবার। বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য জানিয়ে দেন, বাগবাজারের পুজো কমিটি গঠন প্রক্রিয়া সঠিক। গত ১০ তারিখ শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল হাই কোর্ট। পরে আবেদনকারী রবিশংকর সেনগুপ্তের আবেদন খারিজ করা হয়। এই রায়ের পর নতুন উদ্যমে পুজো কমিটি তাদের প্রস্তুতি শুরু করেছে। ১০৮ বছরের এই ঐতিহ্যবাহী পুজো এবারও তার স্বমহিমায় অনুষ্ঠিত হবে, এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আপামর বাঙালি।








