বিজয়া দশমীর লাড্ডু বিতরণকে কেন্দ্র করে বসিরহাটের টাউন হল এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়াল। পচা ও ছাতা পড়া লাড্ডু বিক্রির অভিযোগে একটি নামকরা খাবারের দোকানে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
এই ঘটনায় দোকানের কাঁচ ভেঙে চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে খবর, বিজয়া দশমী উপলক্ষে বিজেপি কর্মী-সমর্থকরা টাউন হল এলাকার ওই দোকান থেকে লাড্ডু কিনেছিলেন বিতরণের জন্য। লাড্ডু বিতরণের পরই দেখা যায়, সেগুলি পচা এবং ছাতা পড়া। এরপরই বিজেপি কর্মীরা দোকানে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দোকানদারের সঙ্গে তাদের তীব্র বাদানুবাদ শুরু হয়, যা দ্রুত সংঘর্ষের রূপ নেয়।
উত্তেজিত জনতা দোকানের কাঁচ ভাঙচুর করে। কাঁচের আঘাতে চারজন জখম হন। আহতদের বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। দোকানের মালিক গোবিন্দ দাস অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা পার্শ্ববর্তী কোম্পানি থেকে প্যাকেটিং অবস্থায় মাল আনি এবং বিক্রি করি।
ভেতরে কী আছে তা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তাছাড়া, এই মাল আমি সরাসরি বিক্রি করিনি, অন্য এক দোকানদার আমার কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করেছেন।
” তিনি আরও জানান, পুরো বিষয়টি তিনি কোম্পানিতে জানাবেন এবং এই লাড্ডু খেয়ে কেউ অসুস্থ হলে তার ক্ষতিপূরণও দেবেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।








