বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে শ্যামবাজার মেট্রো? জন্মদিনে জোরালো দাবি পরিবারের

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিনে শ্যামবাজার মেট্রোর নাম তাঁর নামে করার দাবি তুলল পরিবার। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনবেন।

Share:

ব্যুরো নিউজ, ৪ আগস্ট ২০২৬ঃ বাঙালির চিরকালীন আবেগ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতি সংরক্ষণে এক জোরালো দাবি উঠল। উত্তর কলকাতার শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম তাঁর নামে করার আবেদন জানালেন পরিবারের সদস্যরা। এদিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মবার্ষিকীতে উত্তর কলকাতার আহিরীটোলায় শিল্পীর বাড়িতে শ্রদ্ধা জানাতে পৌঁছান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিবারের তরফে পুরমন্ত্রীর কাছে শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে রাখার পাশাপাশি আকাশবাণী ভবনের ভিতরে তাঁর একটি মূর্তি স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়।

তাঁদের বক্তব্য, ভবিষ্যৎ প্রজন্ম যাতে তাঁর অবদান সম্পর্কে আরও বেশি করে জানতে পারে, তার জন্যই এই পদক্ষেপ জরুরি। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। তবে এই মুহূর্তে প্রস্তাবগুলি বাস্তবায়ন হবে কি না, সে বিষয়ে কোনও নিশ্চয়তা দেননি তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারই নেবে বলে ইঙ্গিত দেন মন্ত্রী। ১৯০৫ সালের ৪ঠা অগাস্ট আহিরীটোলায় জন্মগ্রহণ করা এই প্রখ্যাত বেতার শিল্পী তাঁর ‘মহিষাসুরমর্দিনী’ পাঠের জন্য আজও বাঙালির দুর্গাপুজোর আবেগের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এক শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর কণ্ঠস্বর আজও মহালয়ার সকালে অপরিহার্য। এখন দেখার, পরিবারের উত্থাপিত প্রস্তাবগুলি প্রশাসনিক স্তরে কতটা গুরুত্ব পায় এবং রাজ্য সরকার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্মৃতিকে সম্মান জানাতে ভবিষ্যতে কোনও সরকারি পদক্ষেপ নেয় কি না।