ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: হাওড়া পৌরসভা কর্তৃক বাড়ি ভেঙে ফেলার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, তিনি বেআইনি নির্মাণের কথা স্বীকার না করলেও, পৌরসভা তাঁর নথি জমা দেওয়ার আবেদনকেই স্বীকারোক্তি হিসেবে ধরে নিয়ে ভাঙার নির্দেশ দিয়েছিল। তবে, কলকাতা হাইকোর্ট এই নির্দেশ খারিজ করে দিয়েছে।
বিচারপতি রিশাদ মেদোরা মামলার নথি খতিয়ে দেখে জানান, বাড়ির মালিক কেবল নির্মাণ সংক্রান্ত নথি জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছিলেন, যা বেআইনি নির্মাণের স্বীকারোক্তি হতে পারে না। ঘটনাটি হাওড়ার। সুজয় ওরফে সুজয় সরকার নামে এক ব্যক্তি হাওড়া পৌরনিগমের দেওয়া বাড়ি ভাঙার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন। তাঁর বক্তব্য ছিল, তিনি কখনও স্বীকার করেননি যে তাঁর নির্মাণ বেআইনি। অথচ পৌরনিগম তাঁর একটি লিখিত বক্তব্যকে স্বীকারোক্তি হিসেবে ধরে নিয়ে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে।
অন্যদিকে, পৌরনিগমের দাবি ছিল, শুনানির সময় প্রয়োজনীয় নথি জমা দিতে পারেননি বাড়ির মালিক। আদালত সব দিক খতিয়ে দেখে পৌরনিগমের বাড়ি ভাঙার নির্দেশ খারিজ করে দেয়। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, বাড়ির মালিক এবং অভিযোগকারী, দু’পক্ষকেই নিজেদের বক্তব্য জানানোর সুযোগ দিতে হবে। প্রয়োজনীয় নথিও জমা দিতে পারবেন তাঁরা। আগামী আট সপ্তাহের মধ্যে সব পক্ষের বক্তব্য ও নথি খতিয়ে দেখে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে হাওড়া পৌরনিগমকে। এই রায়ে স্বস্তি ফিরেছে ওই বাড়ির মালিকের।









