দুর্গাপুজোর আগে ডোমজুড়ে মাটির তীব্র সংকট, থমকে প্রতিমা গড়ার কাজ, অনিশ্চয়তায় মৃৎশিল্পীরা

ডোমজুড়ে মাটির অভাবে থমকে প্রতিমা গড়ার কাজ। দুর্গাপুজোর আগে অনিশ্চয়তায় মৃৎশিল্পীরা, কারিগররা ফিরছেন বাড়ি। পুজো কমিটিগুলিরও বাড়ছে উদ্বেগ।

Share:

ব্যুরো নিউজ, ১৯ জুন ২০২৬ঃ ডোমজুড়ের পটুয়াপাড়ায় মৃৎশিল্পীদের কপালে গভীর চিন্তার ভাঁজ। এই সময় যেখানে প্রতিমা গড়ার কাজে ব্যস্ততা তুঙ্গে থাকে, সেখানে মাটির তীব্র সংকটের জেরে কার্যত থমকে গিয়েছে প্রতিমা তৈরির কাজ। দুর্গাপুজোর আগে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন শিল্পীরা। মৃৎশিল্পীরা জানিয়েছেন, গত ২০ দিনেরও বেশি সময় ধরে প্রতিমা তৈরির উপযোগী মাটির সরবরাহ সম্পূর্ণ বন্ধ। সাধারণত দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থেকে এই মাটি আসে। কিন্তু চালান বন্ধ থাকায় দুর্গা প্রতিমা নির্মাণের কাজ শুরু করা যাচ্ছে না। এর জেরে শিল্পীরা তো বটেই, উদ্বেগ বাড়ছে পুজো কমিটি ও উদ্যোক্তাদের মধ্যেও।

মৃৎশিল্পী দিলীপ মণ্ডল বলেন, মাটি না থাকায় কাজ বন্ধ রাখতে হচ্ছে এবং কারিগররা বাড়ি ফিরে যাচ্ছেন। বাবুরাম চিত্রকর নামে আরেক শিল্পী জানান, পটুয়াপাড়ায় ৪০টিরও বেশি কারখানা একই সমস্যার সম্মুখীন। তাঁর দাবি, অনেক অর্ডার ফিরিয়ে দিতে হচ্ছে এবং এমন পরিস্থিতি চললে বহু পুজো কমিটি সময়মতো প্রতিমা পাবে না। শিল্পীদের আশঙ্কা, মাটির সংকটের পাশাপাশি দক্ষ কারিগরের সমস্যাতেও ভুগতে হবে। কাজ না পেয়ে কারিগররা অন্যত্র চলে গেলে পরে মাটি এলেও তাঁদের ফিরিয়ে আনা কঠিন হবে। পটুয়াপাড়ার স্টুডিওতে খড় দিয়ে বাঁধা প্রতিমার কাঠামো পড়ে থাকলেও মাটির প্রলেপ দেওয়ার কাজ শুরু হয়নি। এই সংকট দ্রুত সমাধান না হলে পুজোর আগে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে।