ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই কলকাতা পুরসভায় ডামাডোল। বারবার শোনা গিয়েছিল হয়তো মেয়র পদ থেকে ইস্তফা দিতে পারেন ফিরহাদ হাকিম। অবশেষে সেই জল্পনায় সিলমোহর। মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের কাছে ইস্তফাপত্র জমা দেন মহানাগরিক। আর কিছুক্ষণ পর সাংবাদিক বৈঠক করবেন তিনি। এর ফলে স্বাভাবিকভাবেই কলকাতা পুরসভাও হাতছাড়া হল তৃণমূলের।
ইস্তফা দেওয়ার পর ফিরহাদ বলেন, “আমি ফিরহাদ হাকিম কেউ নই। যে চেয়ারটায় প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা বসেছেন তার একটা সম্মান আছে। মানুষ প্রচুর যাঁরা আসতেন, তাঁদের রিলিফ দেওয়ার কাজ করেছি। এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই সেই চেয়ারটাকে অবমাননা করতে পারি না। চেয়ার ধরে বসে থাকব, অথচ ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তাই আমি ঠিক করেছি। ইস্তফা দিলাম। আগামীদিনে যাঁরা পুরসভা চালাবেন, তাঁরা আমার থেকেও হয়তো ভালো কাজ করবেন। হয়তো লোকে আমাকে ব্যঙ্গ করবেন, সমালোচনা করবেন। কিন্তু স্বচ্ছভাবে পুরসভা চালিয়ে মানুষকে পরিষেবা দেওয়া সহজ কাজ নয়। হয়তো এখন চেয়ারের মর্যাদা রাখতে পারছি না।”








