কলকাতা মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, ‘সম্মান রক্ষার্থে’ মমতার সম্মতি

কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। 'সম্মান বাঁচাতে' তাঁর পদত্যাগে সম্মতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক জটিলতা ছিল কারণ।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই আবেদনই শেষ পর্যন্ত মঞ্জুর হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভার প্রশাসনিক দায়িত্ব সামলানোর পর মেয়রের পদ থেকে সরে দাঁড়ালেন ফিরহাদ।

দলীয় সূত্রে খবর, সাম্প্রতিক পরিস্থিতিতে কলকাতা পুরসভায় কাজ করা ক্রমশ কঠিন হয়ে উঠছিল বলে দাবি করেছিলেন ফিরহাদ হাকিম। প্রশাসনিক নানা জটিলতা এবং সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে একাধিকবার বাধার মুখে পড়তে হচ্ছিল বলে তিনি মনে করছিলেন। সেই কারণেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন। তাঁর মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে, সেই প্রেক্ষিতেই তাঁর ইস্তফা গ্রহণ করেছেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই পদত্যাগের বিষয় নিয়ে তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ জানান, “ফিরহাদ হাকিম আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। শেষের দিন আমিও ছিলাম, আমার সঙ্গেও কথা হয়। শেষে আমাদের দলনেত্রী সবদিক বিবেচনা করে এই ইস্তফার ব্যাপারে সম্মতি দেন। কারণ তিনি চাননি, ফিরহাদ হাকিমের কোনও অমর্যাদা হোক। তাই তাঁর সম্মান রক্ষার্থে তাঁকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন।” কুণাল ঘোষ আরও জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে হওয়া প্রশাসনিক বৈঠকেও কলকাতা পুরসভায় কাজ করতে না পারার বিষয়টি আলোচিত হয়েছিল।