যাদবপুরে হকার উচ্ছেদ স্থগিত, সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে বামেদের আন্দোলনে স্বস্তি

যাদবপুর স্টেশন চত্বরে হকার উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত। সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে বামেদের তীব্র প্রতিবাদে রেলের সিদ্ধান্ত, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ যাদবপুর স্টেশন চত্বরে হকার উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে বামেদের তীব্র প্রতিবাদের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার গভীর রাতে যাদবপুর স্টেশনের বাইরে বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করার পরিকল্পনা করা হলে স্থানীয় হকারদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে রাতেই সৃজন ভট্টাচার্য সহ বাম নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছন। হাওড়া ও শিয়ালদহ স্টেশনে আকস্মিক উচ্ছেদের পর যাদবপুরেও একই ঘটনার আশঙ্কা ছিল। আন্তর্জাতিক হকার দিবসে এমন পদক্ষেপের নিন্দা করে বামফ্রন্ট। বাম নেতৃত্বের তৎপরতা ও জনসমাবেশের জেরে যাদবপুরের উচ্ছেদ আপাতত ঠেকানো সম্ভব হয়েছে।

সৃজন ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা না করে কোনও হকারকে উচ্ছেদ করা যাবে না। এই বিষয়ে রেল ও পুর প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আলোচনা ও আইনি লড়াই জারি থাকবে। তিনি আরও জানান, আগামী তিন সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধানের চেষ্টা হবে। সৃজন ভট্টাচার্য জানান, পুলিশ ও রেলের অফিসাররা আলোচনার পর উচ্ছেদ স্থগিত রাখার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “সাধারণ মানুষের দাবি আমরা তাঁদের বোঝাতে পেরেছি। ৮৮ সালের রায় অনুযায়ী, বিকল্প বাসস্থান বা কর্মসংস্থান ছাড়া কাউকে সরানো যাবে না।” বামেদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ কোনও আগাম নোটিস ছাড়াই এই অভিযান শুরু করেছিল, যা গরিবের রুজি-রুটির উপর আঘাত। হকারদের রুজি-রুটি রক্ষার এই লড়াই চলবে বলে আশ্বাস দিয়েছেন বাম নেতৃত্ব।