ব্যুরো নিউজ, ৭ সেপ্টেম্বর ২০২৬: দক্ষিণ কলকাতার অন্যতম সতীপীঠ কালীঘাট মন্দিরের (Kalighat Temple) বিপুল সম্পদ নয়ছয়ের আশঙ্কা তৈরি হয়েছে। গত ৪৬ বছর ধরে মন্দিরের ভল্টের চাবি নিখোঁজ। এর পাশাপাশি, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে ২০১৪ সালের পর থেকে মন্দির পরিচালন কমিটির কোনও নির্বাচন হয়নি। এই পরিস্থিতিতে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ দক্ষিণ ২৪ পরগনার জেলা জজের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে।
পরিবারের অভিযোগ, দেবীর মূল্যবান অলঙ্কার ও অন্যান্য সম্পদ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভল্টে রাখা থাকলেও, ১৯৮০ সাল থেকে সেই চাবি পাওয়া যাচ্ছে না। ফলে ভল্টের ভিতরে কী আছে, তা সুরক্ষিত আছে কিনা, বা শেষ কবে সেগুলির যাচাই হয়েছিল, তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরী অবিলম্বে এই ঘটনায় এফআইআর দায়ের করার দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, মন্দিরের সম্পদ সংরক্ষণের জন্য গঠিত কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেলেও নিয়মিতভাবে গয়না ও অন্যান্য সম্পদের হিসাব পরীক্ষা করা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কমিটির কার্যকালের মেয়াদ পাঁচ বছর হলেও তা মানা হয়নি। এমনকি ভক্তদের দেওয়া দানসামগ্রী দেখভালের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়ার কলকাতা হাইকোর্টের নির্দেশও কার্যকর হয়নি বলে অভিযোগ।
অসংখ্য ভক্তের বিশ্বাস ও আবেগ জড়িত থাকায় দ্রুত পদক্ষেপের আবেদন জানানো হয়েছে। পদাধিকারবলে জেলা জজই কালীঘাট মন্দির কমিটির চেয়ারম্যান। এখন তিনি কী পদক্ষেপ করেন, সেদিকেই সকলের নজর। মন্দিরের কোষাধ্যক্ষ কল্যাণ হালদার অবশ্য জানিয়েছেন, নির্বাচন প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হতে পারে। এই ঘটনা ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।








