ফের রাজ্যে করোনার থাবা, কলকাতার হাসপাতালে ১০ বছরের বালক ভর্তি

পশ্চিমবঙ্গে ফের করোনার থাবা। কলকাতার গড়িয়ার ১০ বছরের বালক করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আইসিইউ-তে শিশুটি।

Share:

ব্যুরো নিউজ, ১৯ জুলাই ২০২৬ঃ পশ্চিমবঙ্গে ফের করোনা ভাইরাসের নতুন সংক্রমণের খবর পাওয়া গেল। উদ্বেগ বাড়িয়ে এবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ১০ বছর বয়সী এক বালক করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, গত রবিবার সকালেই তাকে ভর্তি করানো হয়। দক্ষিণ কলকাতার গড়িয়ার বাসিন্দা এই বালক জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় সোয়াব টেস্ট করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। এরপর শিশুটিকে দ্রুত আইসিইউ-এর আইসোলেশন ইউনিটে স্থানান্তরিত করা হয়।

শিশু বিশেষজ্ঞ সাহেলি দাশগুপ্ত জানিয়েছেন, “শিশুটি গত তিন-চার দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিল। এক্স-রে পরীক্ষায় তার ডান ফুসফুসে নিউমোনিয়ার লক্ষণ পাওয়া গেছে। ভাইরাল পরীক্ষায় সার্স কোভিড পজিটিভ এসেছে।” তিনি আরও জানান, যেহেতু করোনা একটি ভাইরাসজনিত রোগ, তাই অ্যান্টিবায়োটিকের পরিবর্তে তাকে নেবুলাইজেশন-সহ প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্টে রাখা হয়েছে। আক্রান্ত বালকের মাকেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইসোলেশনে রাখা হয়েছে। এই ঘটনা রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের আশঙ্কা বাড়াচ্ছে।

স্বাস্থ্য দফতর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অন্যান্য সম্ভাব্য আক্রান্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আবারও মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নতুন করে সংক্রমণ বৃদ্ধি পেলে তা জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।