ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: রবিবার কলকাতায় মেট্রোযাত্রীদের জন্য বড়সড় পরিবর্তন! রক্ষণাবেক্ষণের কাজের কারণে ব্লু লাইনে দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ থাকছে একটি গুরুত্বপূর্ণ অংশের পরিষেবা। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ২৯ নভেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলবে না। ফলে দক্ষিণ কলকাতার যাত্রীদের যাতায়াতে সমস্যার আশঙ্কা রয়েছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শহিদ ক্ষুদিরাম ও টালিগঞ্জের মধ্যে ট্রাফিক এবং পাওয়ার ব্লক করে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সেই কারণেই সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত।
তবে সম্পূর্ণ ব্লু লাইন বন্ধ থাকছে না। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। রবিবার প্রথম মেট্রো পরিষেবাও শুরু হবে সকাল ৯টায়। দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ এবং টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর— দুই দিকেই প্রথম মেট্রো পাওয়া যাবে ওই সময়ে।
সন্ধ্যা ৬টার পর রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্পূর্ণ ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে ২২ নভেম্বরও একই কাজের পরিকল্পনা থাকলেও অতিরিক্ত বৃষ্টির কারণে তা স্থগিত করা হয়েছিল। তাই রবিবার দক্ষিণ কলকাতায় যাতায়াতের আগে মেট্রোর পরিবর্তিত সময়সূচি মাথায় রেখে বিকল্প পরিবহণের ব্যবস্থা করে রাখুন।









