সন্ধ্যার ব্যস্ত সময়ে ফের ব্যাহত কলকাতা মেট্রো পরিষেবা, টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ ট্রেন চলাচল

সন্ধ্যার ব্যস্ত সময়ে ফের ব্যাহত কলকাতা মেট্রো পরিষেবা। মাস্টারদা সূর্য সেন স্টেশনে আত্মহত্যার চেষ্টার জেরে টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ ট্রেন চলাচল।

Share:

ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ মঙ্গলবার সন্ধ্যার ব্যস্ত সময়ে ফের ব্যাহত হল কলকাতা মেট্রো পরিষেবা। মাস্টারদা সূর্য সেন স্টেশনের আপ লাইনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টার জেরে টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ এই ঘটনা ঘটে, যার ফলে অফিস ফেরত যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। এই আকস্মিক পরিষেবা বন্ধের জেরে বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায় এবং প্ল্যাটফর্মে ভিড় উপচে পড়ে।

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, আত্মহত্যার চেষ্টার খবর পাওয়ার পরই দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা শুরু হয়। প্রায় ৪০ মিনিট ধরে উদ্ধারকাজ চলে। এর জেরে ব্লু লাইনের একটি বড় অংশে ট্রেন চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় মেট্রো রেল। যদিও দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল। তবে, এই ভাঙা পথে পরিষেবা চলায় যাত্রীদের গন্তব্যে পৌঁছতে বেশ খানিকটা সময় লেগে যায়।

উল্লেখ্য, গত সোমবারও মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল। বিকেল ৪.১০ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ডাউন লাইনে এক যুবক ঝাঁপ দেওয়ায় পাওয়ার ব্লক অফ করে দিতে হয়। সপ্তাহের প্রথম দিন সকালেও ব্লু লাইনে শহিদ ক্ষুদিরামমুখী মেট্রো সামান্য দেরিতে চলার অভিযোগ উঠেছিল, যার জেরে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। বারবার এই ধরনের ঘটনায় মেট্রো যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সাধারণ মানুষ দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চাইছে, যাতে নিত্যযাত্রীদের আর এমন ভোগান্তির শিকার হতে না হয়। এই ধরনের ঘটনা এড়াতে মেট্রো কর্তৃপক্ষের আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।