সম্পত্তি কর বকেয়া প্রায় ৪ লক্ষ নাগরিকের! কলকাতা পুরসভার পাওনা ৬,৮৫৪ কোটি টাকা

সম্পত্তি কর বকেয়ার পাহাড়! প্রায় ৪ লক্ষ নাগরিকের কাছ থেকে টাকা আদায়ে হিমশিম খাচ্ছে কলকাতা পুরসভা। বিশেষ ছাড় সত্ত্বেও সাড়া নেই।

Share:

কলকাতা পুরসভার সম্পত্তি কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে বড়সড় ধাক্কা। প্রায় চার লক্ষ নাগরিকের কাছ থেকে এখনও বকেয়া রয়েছে সম্পত্তি কর, যা পুরসভার জন্য এক বিরাট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

যদিও কর আদায়ের সুবিধার জন্য ১০০ শতাংশ সুদ ও জরিমানা মকুবের এক বিশেষ ‘ওয়েভার-স্কিম’ চালু করা হয়েছে, তবুও গত তিন সপ্তাহে মাত্র পাঁচশোর কিছু বেশি করদাতা এই সুযোগের সদ্ব্যবহার করেছেন।

এই পরিস্থিতিতে পুরসভা তাদের ৭৮৪ কোটি টাকার কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে এবার বাড়ি বাড়ি গিয়ে কর আদায়ের পথে হাঁটতে বাধ্য হচ্ছে। জানা গিয়েছে, কলকাতায় বর্তমানে ৩ লক্ষ ৮৬ হাজার ২৮৮ জন করদাতা সম্পত্তি কর দিতে বাকি আছেন। এত বড় সুযোগ দেওয়া সত্ত্বেও কেন নাগরিকরা সাড়া দিচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর না থাকা এবং দীর্ঘ পাঁচ মাস ধরে পুর পরিষেবা না পাওয়ার কারণে সাধারণ মানুষ কি পুরপ্রশাসনের উপর ক্ষুব্ধ, সেই প্রশ্নও উঠছে।

তবে কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট দপ্তর সূত্রে খবর, যে সমস্ত বেসরকারি ও অবাণিজ্যিক করদাতার বিপুল পরিমাণ সম্পত্তি কর বকেয়া আছে, তাঁদের ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। যদি নভেম্বরের মধ্যে তাঁরা কর জমা না দেন, তবে ডিসেম্বর মাসের শুরু থেকেই পুরসভার অ্যাসেসমেন্ট সুপারভাইজার ও ট্যাক্স কালেক্টররা তাঁদের বাড়িতে পৌঁছতে শুরু করবেন। পুরসভার ট্রেজারি বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, প্রয়োজনে পুরকর্মীরা বাড়ি গিয়েও করদাতাদের অনলাইনে কর জমা দিতে সাহায্য করবেন, যাতে ‘ওয়েভার স্কিমের’ সুবিধা তাঁরা পেতে পারেন।