মমতার বাড়ির সামনেই কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম! পুলিশের নিষ্ক্রিয়তায় সরব তৃণমূল নেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে তৃণমূল নেতা কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি।

Share:

ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ সোমবার সন্ধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের অদূরে এক নজিরবিহীন ঘটনা ঘটে। তৃণমূল নেতা এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে প্রকাশ্য রাস্তায় ডিম ছুড়ে মারা হয়। ঘটনাটি ঘটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরোনোর মুহূর্তে। কালো জামা পরা এক যুবক আচমকা কুণাল ঘোষের খুব কাছে চলে এসে তাঁর মাথায় ডিম ছুড়ে মারে। কিছুদিন আগেও যে এলাকা হাই-প্রোফাইল নিরাপত্তা বলয়ে মোড়া থাকত, সেখানে এমন ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার পর অভিযুক্ত যুবক চন্দন নিজেকে এলাকার বাসিন্দা বলে দাবি করে এবং হিন্দিতে জানায়, ‘কুণাল ঘোষ জনগণের উপর কি কম অত্যাচার করেছেন? আজ উনি ডিম ছোড়ারই যোগ্য। সেই জন্যই ডিম ছুড়ে মেরেছি।’ সে আরও জানায়, কুণাল ঘোষের ভুলের উত্তর এই ডিম। অন্যদিকে, কুণাল ঘোষ এই ঘটনাকে ‘জনরোষ’ বলতে নারাজ। তিনি এটিকে ‘পরিকল্পিত গুন্ডামি এবং মস্তানি’ বলে অভিহিত করেন এবং নির্দিষ্ট উদ্দেশ্য চরিতার্থ করতেই এই হামলা চালানো হয়েছে বলে ইঙ্গিত দেন। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সব্যসাচী দত্তের পর কুণাল ঘোষও ডিম হামলার শিকার হওয়ায় তৃণমূল নেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।